শিরোপা ধরে রাখার মিশনে মাঠে নামছে আর্জেন্টিনা। আগামীকাল (১৭ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় কানসাস সিটি স্টেডিয়ামে আলজেরিয়ার মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই ম্যাচের এক দিন আগে সংবাদ সম্মেলনে আলজেরিয়ার কোচ স্পষ্ট জানিয়ে দিলেন, তার দল মাঠে ‘আধিপত্য’ দেখাতে চাইবে এবং আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসিকে থামানোর জন্য বিশেষ মনোযোগও দিতে চান না তিনি।
মেসিকে থামাতে লাদা কন পরিকল্পনা করেননি বলে দাবি করেছেন আলজেরিয়ার কোচ পেটকোভিচ
আর্জেন্টিনার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচের আগে আলজেরিয়ার কোচ ভ্লাদিমির পেটকোভিচ সংবাদ সম্মেলনে আলবিসেলেস্তেদের প্রচ্ছন্ন হুমকিই দিলেন । অতীতের সাক্ষাতের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রতিপক্ষের সেরা তারকা মেসিকে থামানোর জন্য তার কোনো বিশেষ পরিকল্পনা নেই।
পেটকোভিচ বলেন, ‘আমি কখনোই কোনো নির্দিষ্ট খেলোয়াড়কে থামানোর জন্য আলাদা পরিকল্পনা করিনি, এবারও তা করব না।’
তিনি আরও বলেন, ‘দলের সবারই একসঙ্গে কাজ করা গুরুত্বপূর্ণ, একে অপরকে সাহায্য করাও জরুরি। গোল না খাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। আমি চেষ্টা করছি ভিন্ন কিছু করতে, নিজেদের খেলায় আধিপত্য বিস্তার করতে। আমি কখনোই কোনো নির্দিষ্ট খেলোয়াড়কে থামানোর জন্য আলাদা পরিকল্পনা করিনি, এবারও তা করব না।’
তিনি আরও বলেন, দল ফেভারিট না হলেও বিশ্বকাপে আগের অপ্রত্যাশিত ফলাফলগুলো তাদের অনুপ্রেরণা দিচ্ছে, ‘আমরা যে দল নিয়ে কাজ করছি তারা খুব ভালো করছে এবং আমরা প্রস্তুত। আমরা শিরোপার ফেভারিট নই, কিন্তু এখন পর্যন্ত যা দেখা গেছে তাতে বোঝা যায় যে ভিন্ন কিছু ঘটতে পারে।’
এদিকে পেটকোভিচ একটি বিশেষ মুহূর্তের কথাও জানান, যখন সংবাদ সম্মেলনের ফাঁকে তিনি স্কালোনির সঙ্গে দেখা করেন, যাকে তিনি আগে লাৎসিওতে কোচিং করিয়েছিলেন। ২০২২ বিশ্বকাপজয়ী এবং দুইবার কোপা আমেরিকা জেতা এই কোচ সম্পর্কে তিনি প্রশংসা করে বলেন, ‘তাকে আবার দেখে খুব ভালো লাগল, কারণ শেষবার আমরা ওয়াশিংটনে একসঙ্গে ছিলাম। লিওর সঙ্গে আমার দারুণ সম্পর্ক আছে এবং আমি আশা করি তা অব্যাহত থাকবে।’
আলজেরিয়ার কোচ স্বীকার করেন, আসন্ন ম্যাচে একটি জায়গায় তিনি এবং স্ক্যালোনি সহমত, সেটি হচ্ছে–এটি সিদ্ধান্তমূলক ম্যাচ না হলেও গুরুত্বপূর্ণ। তার ভাষায়, ‘আমি লিও স্কালোনির মতোই ভাবি, আমি মনে করি না এটি সিদ্ধান্তমূলক ম্যাচ হবে, তবে এটি গুরুত্বপূর্ণ ম্যাচ যেখানে আমরা গুরুত্বপূর্ণ পয়েন্ট অর্জন করতে পারি। এরপর আরও ম্যাচ আছে। অস্ট্রিয়া এবং জর্ডানের বিপক্ষে ম্যাচও গুরুত্বপূর্ণ। একে একে ম্যাচ ধরে এগোনোই আসল বিষয়।’












