কুমিল্লাবৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বকাপ অভিষেকের অপেক্ষায় আর্জেন্টিনার ৭ ফুটবলার

প্রতিবেদক
Cumilla Press
জুন ২৫, ২০২৬ ৭:২৩ অপরাহ্ণ
Link Copied!

টানা দুই জয়ে গ্রুপসেরা হয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে আর্জেন্টিনা। আগামী রোববার ডালাসে জর্ডানের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচটি আর্জেন্টিনার জন্য অনেকটাই নিয়ম রক্ষার লড়াই। 

এমন উত্তাপহীন ম্যাচে গুঞ্জন রয়েছে, তারকা ফুটবলারদের বিশ্রাম দিয়ে বেঞ্চ শক্তিকে কাজে লাগাতে পারেন লিওনেল স্কালোনি। আর্জেন্টিনার ২৬ সদস্যের দলে এখনো সাতজন ফুটবলার রয়েছেন, যারা এবারের বিশ্বকাপে এক মিনিটও খেলেননি। জর্ডানের বিপক্ষে ম্যাচটি হতে পারে তাদের জন্য বিশ্বকাপ অভিষেকের মঞ্চ।

দেশটির সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের এক প্রতিবেদন বলছে, জর্ডানের বিপক্ষে ম্যাচে ৭ ফুটবলারের অভিষেক করাতে পারেন স্কালোনি। গোলপোস্ট থেকেই পরিবর্তন শুরু হতে পারে। নিয়মিত কিপার এমিলিয়ানো মার্টিনেজকে বিশ্রাম দেওয়া হলে তার জায়গায় বিশ্বকাপ অভিষেক হতে পারে জেরোনিমো রুল্লি নয়তো হুয়ান মুসোর। কাতার বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন রুল্লি, কিন্তু পুরো টুর্নামেন্টেই বেঞ্চে বসে কাটিয়েছেন। অন্যদিকে মুসোর জন্য এটি প্রথম বিশ্বকাপ।

রক্ষণভাগে পরিবর্তনের সম্ভাবনা আরও বেশি। অস্ট্রিয়ার বিপক্ষে হাঁটুতে চোট পাওয়া ক্রিস্তিয়ান রোমেরো জর্ডানের বিপক্ষে খেলতে পারবেন না। নিকোলাস ওতামেন্দির খেলা প্রায় নিশ্চিত হলেও তার সঙ্গী হিসেবে দেখা যেতে পারে মার্কোস সেনেসিকে। বিশ্বকাপে এটিই হবে তার প্রথম ম্যাচ।

মিডফিল্ডেও চোখ থাকবে দুই ফুটবলারের দিকে। জিওভান্নি লো সেলসো দীর্ঘদিন ধরে স্কালোনির অন্যতম ভরসার নাম। কোপা আমেরিকা ও ফিনালিসিমা জয়ী এই মিডফিল্ডার চোটের কারণে কাতার বিশ্বকাপ মিস করেছিলেন। রাশিয়া বিশ্বকাপে দলে থাকলেও খেলেননি। ফলে এখনো বিশ্বকাপে তার অভিষেক হয়নি।

আরেকটি নাম ভ্যালেন্তিন বার্কো। স্ট্রাসবুর্গে দুর্দান্ত মৌসুম কাটিয়ে চেলসিতে নাম লেখানো তরুণ এই মিডফিল্ডার প্রীতি ম্যাচগুলোতে নজর কেড়েছেন। আইসল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে গোলও করেছিলেন। জর্ডানের বিপক্ষে তার মাঠে নামার সম্ভাবনা প্রবল।

তরুণদের তালিকায় আছেন জুলিয়ানো সিমিওনে ও হোসে মানুয়েল লোপেসও। আর্জেন্টিনার নতুন প্রজন্মের প্রতিনিধিত্ব করা এই দুজন এখনো বিশ্বকাপের মঞ্চে পা রাখেননি। তবে জুলিয়ান আলভারেজের উপস্থিতির কারণে সিমিওনের সুযোগ পাওয়া কিছুটা কঠিন হতে পারে।

স্কালোনি কাতার বিশ্বকাপেও একই কৌশল নিয়েছিলেন। পোল্যান্ডের বিপক্ষে ম্যাচে কিছুটা ঝুঁকিমুক্ত থাকায় হুয়ান ফয়েথ ও থিয়াগো আলমাদাকে বিশ্বকাপ অভিষেকের সুযোগ দিয়েছিলেন। এবারও জর্ডানের বিপক্ষে সেই পথেই হাঁট্তে পারেন আর্জেন্টাইন কোচ।

সম্ভাব্য একাদশে দেখা যেতে পারে রুল্লি (অথবা মার্টিনেজ); গঞ্জালো মন্তিয়েল, ওতামেন্দি, সেনেসি, নিকোলাস তালিয়াফিকো; এক্সেকিয়েল পালাসিওস, লিয়ান্দ্রো পারেদেস, ভ্যালেন্তিন বার্কো; লিওনেল মেসি (অথবা নিকোলাস পাস), জুলিয়ান আলভারেজ ও নিকোলাস গঞ্জালেসকে।