কুমিল্লারবিবার, ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশের বিপক্ষে ভরাডুবির পর পাকিস্তানের অধিনায়কসহ দলে ব্যাপক রদবদল

প্রতিবেদক
Cumilla Press
জুলাই ৫, ২০২৬ ৩:৪১ অপরাহ্ণ
Link Copied!

মে মাসের ঘটনা। বাংলাদেশের মাটিতে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচ খেলতে এসে স্রেফ এলোমেলো পাকিস্তান। ঢাকা ও সিলেটে দুই ম্যাচের টেস্ট সিরিজে চরম ব্যর্থতায় পাকিস্তান হোয়াইটওয়াশ হয়েছিল। তখনই আঁচ করা যাচ্ছিল পাকিস্তানের টেস্ট দলে ব্যাপক রদবদল হবে। এমনকি অধিনায়ক শান মাসুদ দায়িত্ব হারাবেন এমনটাও বোঝা যাচ্ছিল। তেমন কিছুই হলো।

পাকিস্তানের টেস্ট অধিনায়কের পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে শান মাসুদকে। দ্বিতীয়বার টেস্ট দলের দায়িত্ব পেলেন বাবর আজম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই মাসেই দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অধিনায়ক পরিবর্তনের পাশাপাশি সবশেষ টেস্ট স্কোয়াড থেকে চারটি পরিবর্তন এনেছে পিসিবি। 

পিসিবির দাবি, শান মাসুদের অধিনায়কত্বের সমাপ্তির মধ্য দিয়ে পাকিস্তান ক্রিকেটের ইতিহাসে অন্যতম হতাশাজনক একটি অধ্যায়ের ইতি ঘটল। প্রায় তিন বছর আগে অধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি পাকিস্তানকে ১৬টি টেস্টে নেতৃত্ব দেন, যার মধ্যে ১২টিতেই দল হেরেছে। টেস্ট ক্রিকেটের ইতিহাসে কোনো অধিনায়কই নিজের প্রথম ১৬টি টেস্টের মধ্যে ১২টি হারেননি। পাকিস্তান টানা শেষ সাতটি টেস্টও হেরেছে, যা তাদের ইতিহাসে যৌথভাবে সর্বোচ্চ টানা টেস্ট হারের রেকর্ডও। 

পাকিস্তানের হাই পারফরম্যান্স ডিরেক্টর আকিব জাভেদ বলেন, ‘একজন অধিনায়কের দায়িত্ব হলো ম্যাচ শেষ করে আসা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও এমন কিছু বিষয় ছিল। কিছু দায়িত্ব দলের, কিছু নির্বাচকদের, আবার কিছু অধিনায়কের। অধিনায়কের কাজের মধ্যে ওভার রেট ঠিক রাখা, ডিআরএসের সঠিক সিদ্ধান্ত নেওয়া এবং টসে সঠিক সিদ্ধান্ত নেওয়াও অন্তর্ভুক্ত।’ 

‘শানের নিজের পারফরম্যান্স ভালো ছিল। কিন্তু অধিনায়ক হিসেবে তিনি কাঙ্ক্ষিত ফল এনে দিতে পারেননি। আমরা এমন একজন অধিনায়ক চেয়েছিলাম, যিনি দলকে আরও ভালোভাবে নেতৃত্ব দিতে পারবেন।’ – যোগ করেন তিনি। 

বাবরের থেকেই দায়িত্ব পেয়েছিলেন শান। আবার তার থেকেই বাবর দায়িত্ব পেলেন। এই সিদ্ধান্ত থেকে বোঝা যায়, পিসিবির হাতে খুব বেশি বিকল্প ছিল না। বাবরের আগের অধিনায়কত্বের সময়টা ছিল তুলনামূলকভাবে সফল। পাকিস্তানকে ২০টি টেস্টে নেতৃত্ব দিয়ে ১০টিতে জয় এনে দেন। 

এবার বাবর এমন এক সময়ে আবার টেস্ট দলের নেতৃত্ব নিচ্ছেন, যখন পাকিস্তানের সামনে ব্যস্ত সূচি অপেক্ষা করছে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষ হওয়ার পরই তারা ছয় বছর পর ইংল্যান্ড সফরে গিয়ে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। এরপর ঘরের মাঠে ব্যস্ত শীতকালীন মৌসুমে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষেও টেস্ট সিরিজ রয়েছে। 

লম্বা সূচির জন্য দল গুছিয়ে নিতে শুরু করেছে পাকিস্তান। বাংলাদেশ সিরিজ থেকে দল থেকে বাদ পড়েছেন শাহীন শাহ আফ্রিদি, হাসান আলী, সৌদ শাকিল এবং নোমান আলী। দলে ফিরেছেন মোহাম্মদ আলী, আমির জামাল। তরুণ পেসার উবায়েদ শাহকেও দলে নেওয়া হয়েছে। 

পাকিস্তান স্কোয়াড:  

বাবর আজম (অধিনায়ক), আমির জামাল, আবদুল্লাহ ফজল, আলি উসমান, আজান আওয়াইস, ইমাম উল হক, খুররম শাহজাদ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ আলী, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ আওয়াইস জাফর, মোহাম্মদ গাজী ঘুরি, সাজিদ খান, সালমান আলি আগা, শান মাসুদ ও উবায়েদ শাহ।