কুমিল্লাসোমবার, ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাঁচা-মরার ম্যাচে রাতে মাঠে নামছে ব্রাজিল-জাপান

প্রতিবেদক
Cumilla Press
জুন ২৯, ২০২৬ ১০:২২ অপরাহ্ণ
Link Copied!

বিশ্বকাপের নকআউট পর্বে আজ মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং এশিয়ার অন্যতম শক্তিশালী দল জাপান। শেষ বত্রিশের (রাউন্ড অব থার্টি টু) এই ম্যাচটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে। বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে ম্যাচ।

গ্রুপ ‘সি’ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে উঠেছে ব্রাজিল। প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করলেও, পরের দুই ম্যাচে হাইতি ও স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারিয়ে দারুণ ছন্দে রয়েছে সেলেসাওরা।

দলের অন্যতম ভরসা ভিনিসিয়ুস জুনিয়র গ্রুপ পর্বেই করেছেন ৪ গোল। চোট কাটিয়ে দলে ফিরেছেন নেইমার জুনিয়রও। ফলে আক্রমণভাগে আরও শক্তিশালী হয়ে উঠেছে কার্লো আনচেলত্তির দল।

অন্যদিকে, গ্রুপ ‘এফ’-এর রানারআপ হয়ে শেষ বত্রিশে জায়গা করে নিয়েছে জাপান। নেদারল্যান্ডস ও সুইডেনের সঙ্গে ড্র এবং তিউনিসিয়াকে ৪-০ গোলে হারিয়ে আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামছে হাজিমে মোরিয়াসুর শিষ্যরা। দাইচি কামাদা ও আয়াসে উয়েদা রয়েছেন দারুণ ফর্মে।

দুই দলের মুখোমুখি লড়াইয়ে স্পষ্টভাবে এগিয়ে ব্রাজিল। এখন পর্যন্ত ১৪ বার মুখোমুখি হয়েছে দুদল। এর মধ্যে ব্রাজিল জিতেছে ১১টি ম্যাচ, জাপান জিতেছে ১টি। বাকি ২টি ম্যাচ নিষ্পত্তিহীন।

তবে সর্বশেষ দেখায় (গত বছর অক্টোবরে) প্রীতি ম্যাচে ব্রাজিলকে ৩-২ গোলে হারিয়ে চমক দেখিয়েছিল এশিয়ান জায়ান্ট। সেই জয় নিশ্চয়ই আজকের ম্যাচে সামুরাই ব্লুদের বাড়তি আত্মবিশ্বাস জোগাবে।

নকআউট পর্ব হওয়ায় এই ম্যাচে হারলেই বিদায় নিশ্চিত। তাই দুদলই সর্বোচ্চ শক্তি নিয়েই মাঠে নামবে। ব্রাজিল বল দখলে রেখে আক্রমণাত্মক ফুটবল খেলতে চাইবে, আর জাপান ভরসা রাখবে সংগঠিত রক্ষণ ও দ্রুতগতির পাল্টা আক্রমণে। ফলে দর্শকদের জন্য অপেক্ষা করছে জমজমাট এক লড়াই।

ব্রাজিলেরএকাদশঃ

শুরুর একাদশ (৪-৩-৩): অ্যালিসন (গোলরক্ষক), দানিলো, মার্কিনিয়োস, গ্যাব্রিয়েল, সান্তোস, কাসেমিরো, গিমারেস, পাকেতা, রায়ান, কুনিয়া, ভিনিসিয়ুস জুনিয়র। 

জাপানের একাদশঃ

শুরুর একাদশ (৩-৪-৩): সুজুকি (গোলরক্ষক), তোমিয়াসু, তানিগুচি, হিরোকি ইতো, দোয়ান, সানো, কামাদা, নাকামুরা, জুনিয়া ইতো, উয়েদা, মায়েদা।

অপটার সুপারকম্পিউটারের হিসাব অনুযায়ী, নির্ধারিত সময়ে এই ম্যাচটি ব্রাজিলের জেতার সম্ভাবনা ৫৮.৩ শতাংশ, অন্যদিকে জাপানের জয়ের সম্ভাবনা ১৮.১ শতাংশ। খেলা অতিরিক্ত সময়ে গড়ানোর অথবা টাইব্রেকারে হওয়ার সম্ভাবনা ২৩.৬ শতাংশ।

এই ম্যাচের বিজয়ী দল শেষ ষোলোতে মুখোমুখি হবে নরওয়ে অথবা আইভরি কোস্টের।