রিশাল থেকে উন্নত চিকিৎসার জন্য রাজধানী ঢাকায় নেওয়ার পথে তীব্র যানজটে আটকা পড়ে অ্যাম্বুলেন্সের ভেতরেই মারা গেছেন আব্দুর রব সরদার (৬৭) নামে এক বৃদ্ধ।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে মগবাজার হয়ে মহাখালীর কলেরা হাসপাতাল হিসেবে পরিচিত আইসিডিডিআর’বিতে নেওয়ার সময় তার মৃত্যু হয়।
নিহত আব্দুর রব সরদার বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের পূর্ব বেজহার গ্রামের বাসিন্দা। তিনি বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী ছিলেন।
নিহতের ছেলে রুবেল সরদার জানান, গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) হঠাৎ ডায়রিয়ায় আক্রান্ত হলে তার বাবাকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শনিবার সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।
পরে সকাল সাড়ে ৯টার দিকে অ্যাম্বুলেন্সে করে বাবাকে ঢাকার মহাখালী আইসিডিডিআর’বিতে নিয়ে রওনা হন তারা।
রুবেল সরদারের অভিযোগ, হানিফ ফ্লাইওভার হয়ে ঢাকায় প্রবেশের পর থেকেই তীব্র যানজটে পড়তে হয় তাদের। মহাখালীর পথে একাধিক স্থানে যানজটের কারণে অ্যাম্বুলেন্সটি প্রায় দেড় ঘণ্টা আটকে ছিল। দুপুর দেড়টার দিকে হাসপাতালের গেটে পৌঁছানোর পর দেখা যায়, এর আগেই অ্যাম্বুলেন্সের ভেতরে তার বাবা মারা গেছেন।
তিনি বলেন, সময়মতো হাসপাতালে পৌঁছাতে পারলে হয়তো বাবাকে বাঁচানো সম্ভব হতো।
এ বিষয়ে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক টিপু সুলতান বলেন, রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। তবে স্বজনরা ঝুঁকি নিয়ে তাকে সরাসরি ঢাকায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।












