কুমিল্লাশনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

২০ লাখ টাকা চাঁদা চেয়ে ব্যবসায়ীকে ফোন- ‘ছেলেমেয়ের লাশ পড়ে থাকবে সড়কে’

প্রতিবেদক
Cumilla Press
সেপ্টেম্বর ৪, ২০২৬ ৮:২৮ অপরাহ্ণ
Link Copied!

বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের সহযোগী রায়হান পরিচয়ে হোয়াটসঅ্যাপে এবার চট্টগ্রামের আলোচিত এক ব্যবসায়ীর কাছে ২০ লাখ টাকা চাঁদা চেয়ে হুমকি দেওয়ার অভিযোগ ওঠেছে। চাঁদার টাকা না পেলে ওই ব্যবসায়ীর `ছেলে, মেয়ে ও নাতির লাশ সড়কে পড়ে থাকবে’ এমন হুমকিও দেওয়া হয়েছে। ৩১ আগস্ট নগরের বায়েজিদ বোস্তামী থানার মোজাফফরনগর এলাকার ব্যবসায়ী মাকসুদ চৌধুরীকে একটি বিদেশি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে হুমকি দেওয়া হয়। এ ঘটনায় তাঁর স্ত্রী মাহফুজা রুনা বাদী হয়ে বৃহস্পতিবার বায়েজিদ বোস্তামী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। 

আজ শুক্রবার পুলিশ জানিয়েছে, তারা এ ঘটনার তদন্ত শুরু করেছে। জিডিতে উল্লেখ করা হয়, ‌হোয়াটসঅ্যাপে আমার স্বামীকে ফোন করে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। চাঁদা না দিলে ছেলে ও মেয়েকে মেরে ফেলবে। পুরো পরিবারের ক্ষতি করবে। 

‘তোকে কে বাঁচায় আমি দেখব’
তিনি জিডিতে আরও বলেছেন, ‘টাকা না দিলে মোজাফফরনগরে তোমার সঙ্গে আমার লোক থাকবে। কোথায় যাচ্ছ, কী করছ, সব দেখবে আমাদের লোকজন। তোমার ছেলেকে নিয়ে আসব, মেরে ফেলব। আমি রায়হান, যা বলি তা করি। কালকের মধ্যে মেরে ফেলব। তোকে কে বাঁচায় আমি দেখব। কোনো সুপারিশে কাজ হবে না। তোমরা সব ভাই পুত-নাতির লাশ নিয়ে কূল পাবে না। মেয়ে যেটি বিশ্ববিদ্যালয়ে পড়ে…হবে অনে।’

এ ব্যাপারে ব্যবসায়ী মাকসুদ চৌধুরী বলেন, ‘একের পর এক ফোন দিয়ে হুমকি দেয়। হুমকি পাওয়ার পর থেকে আমরা ভয়ে আছি। হুমকিদাতাদের শনাক্ত করে গ্রেপ্তার করা হোক। আমি এখন কোন রাজনীতি করি না, ব্যবসা করি।’

বায়েজিদ বোস্তামী থানার পরিদর্শক (তদন্ত) মোস্তফা কামাল বলেন, চাঁদা চেয়ে হুমকি দেওয়ার বিষয়ে জিডি করা হয়েছে। পুলিশ জিাডর তদন্ত শুরু করেছে। কারা হুমকি দিয়েছে শনাক্তের চেষ্টা চলছে।

এর আগে ১১ আগস্ট নগরের হামজারবাগে ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে একটি ভবনের ফটকে গুলি করে সন্ত্রাসীরা। গুলি করার আগে দুপুর ১২টার দিকে ৫০ লাখ টাকা চাঁদা পরিশোধের জন্য এক ঘণ্টার আলটিমেটাম দিয়ে হোয়াটসঅ্যাপে ভবন মালিকের ছেলের কাছে অডিও বার্তা পাঠান সন্ত্রাসীরা। এরপর রাতে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় অজ্ঞাত সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা করা হয়।  

তারও আগে ১৩ জুলাই চট্টগ্রাম সিটি করপোরেশনের দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের বড় দিঘিরপাড় এলাকার ব্যবসায়ী জসিম উদ্দিনের নির্মাণাধীন ভবনে ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে একই চক্রের বিরুদ্ধে।

প্রসঙ্গত, হুমকির শিকার ব্যবসায়ী মাকসুদের বিরুদ্ধে মোজাফফরনগর এলাকায় সাধারণ মানুষকে হুমকি দেওয়া, জমিজমা নিয়ে বিরোধে জড়ানোসহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে।