আর্জেন্টিনার বিপক্ষে মহানাটকীয় ম্যাচে ৩–২ গোলে হেরে কোয়ার্টার ফাইনালে খেলার স্বপ্নভঙ্গ হয়েছে মিশরের। রেফারিং ও ভিএআর ইস্যুতে মাঠেই ক্ষোভে ফেটে পড়তে দেখা যায় মিশরের কোচিং স্টাফকে। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনেও ফিফার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মিশরের কোচ হোসাম হাসান।
এর আগে ম্যাচ শেষে মাঠ ছাড়ার সময়ও ক্ষোভ থামেনি হোসাম হাসানের। ক্ষুব্ধ অবস্থাতেই ভাই ইব্রাহিম হাসান ও অন্য স্টাফদের নিয়ে ড্রেসিংরুমের দিকে চলে যান।
এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত একটি ভিডিও নতুন করে আলোচনায় উঠে এসেছে। ভিডিওটিতে দেখা যায়, নিজের স্বভাব অনুযায়ী ম্যাচ শেষে দ্রুত ড্রেসিংরুমের দিকে যাচ্ছিলেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। পথের ভিড় এড়িয়ে যাওয়ার সময় প্রায় ধাক্কা দিয়েই মিশরের সহকারি কোচ ইব্রাহিম হাসানের পাশ কাটাতে দেখা যায়।
ঠিক সেই মুহূর্তেই স্কালোনিকে দেখতে পান মিশরের হেড কোচ হোসাম হাসান। সঙ্গে সঙ্গে তিনি তার দিকে ঘুরে কিছু একটা চিৎকার করে বলতে থাকেন এবং স্কালোনির প্রতিক্রিয়ার অপেক্ষা করেন।
তবে স্কালোনি কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে আগের মতোই হাঁটতে থাকেন। এতে আরও ক্ষুব্ধ হয়ে তার পেছন থেকে চিৎকার করতে থাকেন হোসাম হাসান।
অবশ্য ঘটনাটি বেশিদূর গড়ায়নি। তবে ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে হোসাম হাসান বিস্ফোরক মন্তব্য করেন। তার দাবি, এটি স্পষ্টভাবেই সাজানো (ফিক্সড) একটি ম্যাচ ছিল।’












