আসন্ন ফিফা বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। দল প্রস্তুতি চালিয়ে গেলেও যুক্তরাষ্ট্রে গিয়ে খেলবে কি না, তা নির্ভর করছে খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চয়তার ওপর।
দেশটির ক্রীড়া ও যুবমন্ত্রী আহমাদ দুনিয়ামালি জানিয়েছেন, শতভাগ নিরাপত্তা নিশ্চিত হলেই কেবল জাতীয় দল বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাষ্ট্রে যাবে। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার ও সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল।
সম্প্রতি মধ্যপ্রাচ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি ও সংঘাতের প্রেক্ষাপটে এই অনিশ্চয়তা তৈরি হয়েছে। যদিও যুদ্ধবিরতি প্রচেষ্টা চলছে, তবুও পরিস্থিতি পুরোপুরি স্থিতিশীল নয়।
ইরান ফুটবল ফেডারেশন তাদের ম্যাচ অন্য দেশে সরানোর প্রস্তাব দিলেও ফিফা তা নাকচ করেছে। সংস্থাটি জানিয়েছে, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ীই খেলা অনুষ্ঠিত হবে।
তবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ইরানের অংশগ্রহণ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেন, যোগ্যতা অর্জনকারী দল হিসেবে ইরানের বিশ্বকাপে খেলা উচিত।
সূচি অনুযায়ী, আগামী ১৫ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ইরানের বিশ্বকাপ অভিযান শুরু হওয়ার কথা। এরপর গ্রুপ পর্বে বেলজিয়াম ও মিশরের বিপক্ষে খেলবে তারা। তবে শেষ পর্যন্ত সবকিছু নির্ভর করছে নিরাপত্তা পরিস্থিতি ও তেহরানের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর।














