দেশের বিভিন্ন অঞ্চলে সাম্প্রতিক বৃষ্টিপাতে তীব্র তাপপ্রবাহ থেকে কিছুটা স্বস্তি মিলেছে। তবে তাপমাত্রা এখনো ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকায় গরম পুরোপুরি কমেনি।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সিলেটে সর্বোচ্চ ৬৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া নোয়াখালীর হাতিয়া, রাজশাহী, খুলনা, ঢাকা, টাঙ্গাইল, গোপালগঞ্জ, শ্রীমঙ্গলসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হয়েছে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, বৃষ্টির কারণে দেশের বিভিন্ন এলাকায় চলমান তাপপ্রবাহ কেটে গেছে। তবে আগামী কয়েক দিন দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে।
পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার ও মঙ্গলবার দেশের অধিকাংশ বিভাগে অস্থায়ীভাবে বৃষ্টি হতে পারে এবং এ সময় তাপমাত্রা কিছুটা কমতে পারে। বুধবার ও বৃহস্পতিবারও একই ধরনের আবহাওয়া থাকতে পারে, যদিও তাপমাত্রার বড় পরিবর্তন নাও হতে পারে।
শুক্রবার পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ওই দিন থেকে ধীরে ধীরে বৃষ্টির প্রবণতা কমে তাপমাত্রা আবার বাড়তে পারে।
রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহীতে ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় ৩২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সাময়িক স্বস্তি থাকলেও সামনে আবারও গরম বাড়ার আশঙ্কা রয়েছে।
কুমিল্লা প্রেস সংবাদ দেখার জন্য আপনাকে ধন্যবাদ। সাবস্ক্রাইব করে কুমিল্লা প্রেসের সাথেই থাকুন।














