কুমিল্লাশনিবার, ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

হামের সংক্রমণ বাড়ায় ৩০ উপজেলায় জরুরি টিকাদান শুরু রবিবার

প্রতিবেদক
Cumilla Press
এপ্রিল ৪, ২০২৬ ২:২৫ অপরাহ্ণ
Link Copied!

সংবাদ:
দেশজুড়ে শিশুদের মধ্যে হামের সংক্রমণ বাড়তে থাকায় আগামীকাল (রোববার) থেকে ১৮ জেলার ৩০ উপজেলায় বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করছে সরকার। প্রাথমিকভাবে সংক্রমণের হার বেশি এমন এলাকাগুলোকে অগ্রাধিকার দিয়ে এ কার্যক্রম চালু করা হচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) কর্মকর্তারা জানিয়েছেন, ইতোমধ্যে সংশ্লিষ্ট উপজেলাগুলোতে টিকা সরবরাহ করা হয়েছে। ৬ মাস থেকে ৫ বছর বয়সী যেসব শিশু এখনো হামের টিকা পায়নি, তাদের তালিকা অনুযায়ী এই টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।

ইপিআই সূত্রে জানা গেছে, চলতি বছরের জরুরি কর্মসূচির আওতায় সারা দেশে মোট ১২ লাখের বেশি শিশুকে টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

প্রথম ধাপে যেসব উপজেলায় কর্মসূচি শুরু হচ্ছে, সেগুলোর মধ্যে রয়েছে—রাজশাহীর গোদাগাড়ী, ঢাকার নবাবগঞ্জ, মুন্সিগঞ্জের লৌহজং, সদর ও শ্রীনগর, ময়মনসিংহের ত্রিশাল, চাঁদপুর সদর ও হাইমচর, বরিশালের মেহেন্দীগঞ্জ, পাবনার ঈশ্বরদীসহ আরও কয়েকটি উপজেলা।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে দেশে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু হয়েছে। তবে পরীক্ষায় এখন পর্যন্ত ৯ জনের মৃত্যু সরাসরি হামের কারণে হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। একই সময়ে ৭১১ শিশুর শরীরে হামের সংক্রমণ শনাক্ত করা হয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সময়মতো টিকা গ্রহণ ও জনসচেতনতা বৃদ্ধি ছাড়া এ সংক্রমণ নিয়ন্ত্রণ করা কঠিন হবে।

.

কুমিল্লা প্রেস সংবাদ দেখার জন্য আপনাকে ধন্যবাদ। সাবস্ক্রাইব করে কুমিল্লা প্রেসের সাথেই থাকুন।