সংযুক্ত আরব আমিরাতের উপকূলে কুয়েতের রাষ্ট্রীয় মালিকানাধীন একটি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। এতে আগুন লাগলেও পরে তা নিয়ন্ত্রণে আনা হয়েছে।
মঙ্গলবার সামুদ্রিক গোয়েন্দা সংস্থা ভ্যানগার্ড এ তথ্য জানায়। সংস্থাটির মতে, অজ্ঞাত একটি বস্তু ট্যাংকারটিতে আঘাত হানার পরই আগুনের সূত্রপাত হয়।
দুবাই কর্তৃপক্ষ হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তবে তারা ট্যাংকারটির নাম প্রকাশ করেনি। যদিও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে ট্যাংকারটির নাম ‘আল-সালামি’ বলে উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর সব ক্রু সদস্যকে নিরাপদে রাখা হয়েছে এবং এখন পর্যন্ত পরিবেশের ওপর কোনো ক্ষতিকর প্রভাব শনাক্ত হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
অন্য একটি সামুদ্রিক সংস্থার তথ্য অনুযায়ী, ট্যাংকারটিতে প্রায় ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল ছিল, যার মধ্যে সৌদি আরব ও কুয়েতের তেল অন্তর্ভুক্ত। ট্যাংকারটি গত মাসে তেল বোঝাই করা হয়েছিল।












