কুমিল্লাশনিবার, ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

লিবিয়া থেকে ইউরোপগামী নৌযানে ২২ জনের মৃত্যু, ১৮ জনই বাংলাদেশি

প্রতিবেদক
Cumilla Press
মার্চ ২৮, ২০২৬ ৮:৫২ অপরাহ্ণ
Link Copied!

ইউরোপে পৌঁছানোর আশায় লিবিয়া থেকে ছেড়ে আসা একটি রাবারের নৌকায় ছয় দিন সমুদ্রে ভেসে থাকার পর অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১৮ জন বাংলাদেশি বলে জানিয়েছেন উদ্ধার হওয়া যাত্রীরা।

গ্রিস উপকূলরক্ষী বাহিনীর তথ্য অনুযায়ী, ক্রিট দ্বীপের কাছে ইউরোপীয় সীমান্ত সংস্থার একটি জাহাজ ২৬ জনকে জীবিত উদ্ধার করে। উদ্ধার হওয়াদের মধ্যে একজন নারী ও একজন অপ্রাপ্তবয়স্ক রয়েছে। তাদের মধ্যে ২১ জন বাংলাদেশি, চারজন দক্ষিণ সুদানি এবং একজন চাদের নাগরিক।

বেঁচে ফেরা ব্যক্তিরা জানান, যাত্রাপথে খাদ্য ও পানির তীব্র সংকট দেখা দিলে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। দীর্ঘ ছয় দিন সমুদ্রে ভেসে থাকার পর ক্লান্তি ও দুর্ভোগে একে একে ২২ জনের মৃত্যু হয়। পরে পাচারকারীদের নির্দেশে মরদেহগুলো সমুদ্রে ফেলে দেওয়া হয়।

জানা গেছে, নৌকাটি গত ২১ মার্চ পূর্ব লিবিয়ার তবরুক বন্দর থেকে গ্রিসের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। মাঝপথে দিকভ্রান্ত হয়ে পড়লে যাত্রীরা চরম সংকটে পড়ে।

এ ঘটনায় মানবপাচারের অভিযোগে দুই দক্ষিণ সুদানি নাগরিককে গ্রেপ্তার করেছে গ্রিক কর্তৃপক্ষ। তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ এবং অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে তদন্ত চলছে।

উপকূলরক্ষী বাহিনীর এক মুখপাত্র জানান, প্রতিকূল আবহাওয়া, খাদ্য ও পানির অভাব এবং দীর্ঘ সমুদ্রযাত্রার ক্লান্তিই এ মর্মান্তিক ঘটনার প্রধান কারণ।