ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, তাদের নৌবাহিনীর যোদ্ধারা আজ সকালে উত্তর উপসাগরে একটি মার্কিন তেলবাহী জাহাজে আঘাত হেনেছে।
রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) এক বিবৃতিতে বলা হয়, জাহাজটি ‘পারস্য উপসাগরের উত্তরে একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে’ এবং এটি ‘বর্তমানে আগুনে জ্বলছে’।
আইআরজিসি জানায়, উপসাগর থেকে ভারত মহাসাগরের দিকে যাওয়া হরমুজ প্রণালির ওপর তাদের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে।
যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অর্গানাইজেশন (এমটিও) আগে জানিয়েছিল, আজ সকালে উত্তর উপসাগরে কুয়েত উপকূলের কাছে একটি তেলবাহী জাহাজে আঘাত হানা হয়েছে।
তাদের বিবৃতিতে বলা হয়, ‘নোঙর করা একটি ট্যাংকারের মাস্টার জানান, তিনি জাহাজের বাম পাশে বড় ধরনের বিস্ফোরণ দেখেছেন ও শুনেছেন, এরপর একটি ছোট নৌযানকে সেখান থেকে সরে যেতে দেখেছেন।’
বিবৃতিতে আরো বলা হয়, ‘একটি কার্গো ট্যাংক থেকে তেল পানিতে ছড়িয়ে পড়ছে, যা পরিবেশগত প্রভাব ফেলতে পারে। জাহাজে পানি ঢুকেছে, তবে আগুন লাগার খবর নেই এবং ক্রুরা নিরাপদ ও সুস্থ আছেন।’


.












