কুমিল্লাবুধবার, ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খৎনা জটিলতায় শিশুমৃত্যু: দুই চিকিৎসকের নিবন্ধন ছয় মাসের জন্য স্থগিত

প্রতিবেদক
Cumilla Press
মার্চ ৪, ২০২৬ ৭:০৫ অপরাহ্ণ
Link Copied!

সুন্নতে খৎনা করাতে গিয়ে শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত দুই চিকিৎসকের নিবন্ধন সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)। বুধবার (৪ মার্চ) কাউন্সিলের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডা. মো. লিয়াকত হোসেন স্বাক্ষরিত পৃথক নোটিশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

স্থগিতাদেশ পাওয়া চিকিৎসকরা হলেন সাঁতারকুলের ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল–এর ডা. তাসনুভা মাহজাবিন ও ডা. সৈয়দ সাব্বির আহমেদ। বিএমডিসির ৫৪তম কাউন্সিল সভার সিদ্ধান্ত অনুযায়ী, চিকিৎসা কার্যক্রমে সরাসরি অবহেলার প্রমাণ না মিললেও পেশাগত আচরণে ঘাটতির বিষয়টি বিবেচনায় নিয়ে তাদের নিবন্ধন ছয় মাসের জন্য স্থগিত করা হয়েছে।

বিএমডিসি জানায়, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০–এর ধারা ২৩(১) এবং সংশ্লিষ্ট প্রবিধানমালার বিধান অনুযায়ী এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। একই আইনের ধারা ২২(১) অনুসারে স্থগিতাদেশের মেয়াদে তারা দেশে কোনো ধরনের এলোপ্যাথি চিকিৎসা প্রদান বা নিজেকে নিবন্ধিত চিকিৎসক হিসেবে পরিচয় দিতে পারবেন না। নিষেধাজ্ঞা ৩ মার্চ থেকে কার্যকর হয়েছে।

উল্লেখ্য, রাজধানীর একটি বেসরকারি স্কুলের নার্সারি শিক্ষার্থী আয়ানকে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর খৎনার জন্য হাসপাতালে নেওয়া হয়। অস্ত্রোপচারের পর তার জ্ঞান না ফেরায় পরে তাকে গুলশানের ইউনাইটেড হাসপাতাল–এ স্থানান্তর করা হয়। আট দিন লাইফ সাপোর্টে থাকার পর ২০২৪ সালের ৭ জানুয়ারি রাতে তাকে মৃত ঘোষণা করা হয়।

এ ঘটনায় ২০২৪ সালের ৯ জানুয়ারি শিশুটির বাবা শামীম আহমেদ বাড্ডা থানায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।