কুমিল্লাবুধবার, ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শ্রীলঙ্কা উপকূলে ইরানি জাহাজে রহস্যময় হামলা: শতাধিক নিখোঁজ, বহু আহত

প্রতিবেদক
Cumilla Press
মার্চ ৪, ২০২৬ ৪:২৯ অপরাহ্ণ
Link Copied!

শ্রীলঙ্কা উপকূলের কাছে একটি ইরানি জাহাজে সাবমেরিন হামলার অভিযোগ উঠেছে। এতে অন্তত ১০১ জন নাবিক নিখোঁজ এবং ৭৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। বুধবার (৪ মার্চ) শ্রীলঙ্কার নৌবাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রের বরাতে এ তথ্য প্রকাশ করে Reuters।

তবে হামলার ধরন, দায়ী পক্ষ কিংবা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

এর আগে একই দিন শ্রীলঙ্কার আঞ্চলিক জলসীমার বাইরে বিপৎসংকেত পাঠানো ইরানি ফ্রিগেট ‘আইরিস ডেনা’ থেকে ৩০ জন নাবিককে উদ্ধারের কথা জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী Vijitha Herath। তিনি পার্লামেন্টে জানান, উদ্ধার করা আহতদের দক্ষিণাঞ্চলের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জাহাজটিতে মোট ১৮০ জন ক্রু সদস্য ছিলেন।

তবে সাবমেরিন হামলার শিকার জাহাজ এবং বিপৎসংকেত পাঠানো ‘আইরিস ডেনা’ একই জাহাজ কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

উদ্ধার অভিযানে শ্রীলঙ্কা নৌবাহিনীর দুটি জাহাজ ও একটি বিমান অংশ নেয়। শ্রীলঙ্কা নৌবাহিনীর মুখপাত্র বুদ্ধিকা সম্পাথ জানান, ভারত মহাসাগরে নির্ধারিত অনুসন্ধান ও উদ্ধার অঞ্চলের দায়িত্বের অংশ হিসেবেই তারা এ পদক্ষেপ নিয়েছেন।

এদিকে পার্লামেন্টে এক বিরোধী আইনপ্রণেতা প্রশ্ন তোলেন, চলমান আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে জাহাজটিতে বোমা হামলা হয়েছিল কি না। তবে এ বিষয়ে সরকার এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

ঘটনার প্রকৃত কারণ ও নিখোঁজদের বিষয়ে স্পষ্ট তথ্য পেতে অপেক্ষা করতে হচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরবর্তী ঘোষণার জন্য।