কুমিল্লাবুধবার, ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তানের ‘গজব লিল হক’ অভিযান: সীমান্ত সংঘাতে শতাধিক হতাহতের দাবি ইসলামাবাদের

প্রতিবেদক
Cumilla Press
মার্চ ৩, ২০২৬ ১১:৪৯ অপরাহ্ণ
Link Copied!

আফগানিস্তান সীমান্তে উত্তেজনা চরমে পৌঁছানোর পর ‘গজব লিল হক’ নামে সামরিক অভিযান শুরু করেছে পাকিস্তান। দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন, এই অভিযানে আফগান তালেবান সরকারের শতাধিক যোদ্ধা নিহত ও আহত হয়েছে এবং সীমান্তজুড়ে একাধিক চেকপোস্ট ধ্বংস বা দখলে নেওয়া হয়েছে।

পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়, গত বৃহস্পতিবার রাতে দুই দেশের সীমান্তে নতুন করে সংঘর্ষ শুরু হয়। ইসলামাবাদের দাবি, আফগান দিক থেকে গুলি ছোড়া হলে দ্রুত পাল্টা সামরিক পদক্ষেপ নেয় পাকিস্তান। এর আগে ফেব্রুয়ারিতে পাকিস্তানের বিমান হামলার জবাবে সীমান্ত এলাকায় অভিযান চালায় আফগান পক্ষ, যার পর থেকেই উত্তেজনা বাড়তে থাকে।

পাকিস্তান বলছে, তাদের বিমান হামলা ছিল সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে সীমাবদ্ধ। দীর্ঘদিন ধরে ইসলামাবাদ অভিযোগ করে আসছে যে আফগান ভূখণ্ডে সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তবে তালেবান প্রশাসন এ অভিযোগ অস্বীকার করেছে।

তথ্যমন্ত্রী দাবি করেন, অভিযানে বিপুলসংখ্যক চেকপোস্ট ধ্বংস ও দখল করা হয়েছে। পাশাপাশি বহু ট্যাংক, সাঁজোয়া যান ও কামান নষ্ট করা হয়েছে বলেও তিনি জানান। বিভিন্ন স্থাপনায় বিমান হামলা চালানোর কথাও উল্লেখ করেন তিনি।

সাম্প্রতিক সংঘাতে আফগানিস্তানের একাধিক প্রদেশে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। গত অক্টোবরে দুই পক্ষের সংঘর্ষে ৭০ জনের বেশি প্রাণহানির পর এটিই সবচেয়ে বড় সহিংসতা বলে মনে করা হচ্ছে। চলমান উত্তেজনার কারণে দুই দেশের স্থল সীমান্ত দীর্ঘদিন ধরে কার্যত অচল রয়েছে।

এদিকে বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রদেশেও পৃথক সন্ত্রাসবিরোধী অভিযানের কথা জানিয়েছে পাকিস্তান। এসব অভিযানে বেশ কয়েকজন সশস্ত্র সদস্য নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর একজন সদস্য নিহত হওয়ার কথাও স্বীকার করেছে কর্তৃপক্ষ।

পাকিস্তান বলছে, সীমান্তবর্তী বিভিন্ন জেলায় সমন্বিত হামলার চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে এবং অভিযান এখনো অব্যাহত রয়েছে। তবে আফগান তালেবান সরকারের পক্ষ থেকে সর্বশেষ পরিস্থিতি নিয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।