কুমিল্লামঙ্গলবার, ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মালয়েশিয়ায় কর্মরত ফরিদপুরের প্রবাসীর মর্মান্তিক মৃত্যু

প্রতিবেদক
Cumilla Press
মার্চ ৩, ২০২৬ ৮:১২ অপরাহ্ণ
Link Copied!

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলার এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) ভোরের দিকে এ দুর্ঘটনা ঘটে বলে পরিবার সূত্রে জানা গেছে।

নিহত মো. বেলায়েত শেখ (৩৫) ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের চৌকিঘাটা গ্রামের বাসিন্দা এবং মৃত ইউসুফ শেখের জ্যেষ্ঠ পুত্র। তিনি জীবিকার তাগিদে প্রায় তিন বছর আগে মালয়েশিয়ায় পাড়ি জমান এবং সেখানে সড়ক পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করতেন।

স্বজনদের বরাত দিয়ে জানা যায়, ভোরের দিকে দায়িত্ব পালনকালে দ্রুতগতির একটি গাড়ি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সকাল ৯টার দিকে মালয়েশিয়ায় থাকা পাশের গ্রামের এক প্রবাসীর মাধ্যমে পরিবার দুর্ঘটনার খবর পায়।

তিন ভাইয়ের মধ্যে বেলায়েত ছিলেন সবার বড়। তিনি বিবাহিত এবং দুই কন্যাসন্তানের জনক। পরিবারের আর্থিক সংকট কাটিয়ে সন্তানদের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন নিয়ে বিদেশে গেলেও সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই প্রাণ হারালেন তিনি। ধারদেনা করে বিদেশযাত্রার বিষয়টি উল্লেখ করে স্বজনরা গভীর শোক প্রকাশ করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা পুলিশ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিম জানান, মরদেহ দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট দেশের দূতাবাসের সঙ্গে যোগাযোগের প্রক্রিয়া চলছে।