কুমিল্লামঙ্গলবার, ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পুলিশ সংস্কার ও নিরাপত্তা জোরদারে জাপানের সহায়তা কামনা স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রতিবেদক
Cumilla Press
মার্চ ৩, ২০২৬ ৩:৩৪ অপরাহ্ণ
Link Copied!

পুলিশ বাহিনীর আধুনিকায়ন ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (৩ মার্চ) সকালে সচিবালয়ে তাঁর দপ্তরে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিন-ইচি সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এ বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে মন্ত্রী বলেন, জাপান বাংলাদেশের দীর্ঘদিনের উন্নয়ন সহযোগী ও বিশ্বস্ত বন্ধু। জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকার মাধ্যমে দেশে একাধিক বড় অবকাঠামো প্রকল্পে বিনিয়োগ করেছে। তিনি উল্লেখ করেন, ট্রাফিক ব্যবস্থাপনায় জাপানের সহায়তায় ইতোমধ্যে কাজ হয়েছে এবং ভবিষ্যতে পুলিশ সংস্কার, দক্ষতা বৃদ্ধি ও কাঠামোগত উন্নয়নে জাপানের অংশগ্রহণ কাম্য। এ লক্ষ্যে সরকার পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তাব পাঠানো হবে বলেও জানান তিনি।

আলোচনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশ পুনর্গঠন, ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থার উন্নয়ন, বাণিজ্য ও বিনিয়োগসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় উঠে আসে। বৈঠকের শুরুতে মন্ত্রী রাষ্ট্রদূতকে স্বাগত জানান এবং রাষ্ট্রদূত নতুন দায়িত্ব গ্রহণের জন্য মন্ত্রীকে শুভেচ্ছা জানান।

রাষ্ট্রদূত বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক নিরাপত্তা প্রকল্প সম্প্রতি শেষ হয়েছে এবং ভবিষ্যতেও পুলিশ ও সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে কাজ করতে জাপান আগ্রহী। পাশাপাশি চলতি বছরে হলি আর্টিজান হামলার দশ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশে অবস্থানরত জাপানি নাগরিকদের নিরাপত্তা জোরদারের অনুরোধ জানান তিনি।

এ জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাপানি বিনিয়োগকারী, ব্যবসায়ী ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং যেকোনো যৌক্তিক অনুরোধ ইতিবাচকভাবে বিবেচনা করা হবে।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জাপান দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।