আইফোনে সাইবার হামলা চালানোর জন্য এবার ক্যালেন্ডার অ্যাপকে বেছে নিয়েছেন হ্যাকাররা। নতুন এ কৌশলে ভুয়া ক্যালেন্ডার অ্যাপের মাধ্যমে আইফোন ব্যবহারকারীদের ঘন ঘন মিথ্যা তথ্যনির্ভর বার্তা পাঠাচ্ছে তারা। বার্তায় আইফোনে ভাইরাস বা সাইবার হামলা শনাক্ত হয়েছে বলে ভয় দেখানোর পাশাপাশি লটারির মাধ্যমে পুরস্কার জেতার প্রলোভন দেখিয়ে অ্যাপল অ্যাকাউন্টের পাসওয়ার্ড, আর্থিক লেনদেনের বিভিন্ন তথ্য দিতে বলা হয়। ভয় পেয়ে বা পুরস্কার জেতার প্রলোভনে পড়ে তথ্যগুলো পাঠালেই সেগুলো চলে যায় হ্যাকারদের দখলে, যা কাজে লাগিয়ে পরে বড় ধরনের সাইবার হামলা চালানো হতে পারে।
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের দাবি, ব্যবহারকারীরা ভুলবশত অনলাইনে হ্যাকারদের তৈরি ক্ষতিকর লিংকে ক্লিক করার পর এই আক্রমণ শুরু হয়। অনেক ক্ষেত্রে প্রতারণামূলক পপ-আপের মাধ্যমেও ভুয়া ক্যালেন্ডার অ্যাপ চালু করা হয়। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা সব আইফোন ব্যবহারকারী এ ধরনের সাইবার হামলার হুমকিতে রয়েছেন।
ভুয়া ক্যালেন্ডার অ্যাপের মাধ্যমে আইফোন ব্যবহারকারীদের কাছে পাঠানো বার্তাগুলোর মাধ্যমে মূলত পাসওয়ার্ড এবং ব্যাংকিং তথ্য হস্তান্তরে প্ররোচিত করেন হ্যাকাররা। যেহেতু ক্যালেন্ডার অ্যাপের নিবন্ধন ব্যবস্থা অ্যাপলের অ্যাপ স্টোরকে বাইপাস করে, তাই এ ধরনের বার্তা পাঠানো বন্ধ করা বেশ কঠিন।
নতুন ধরনের এ সাইবার হামলা দ্রুত ছড়িয়ে পড়ছে বলে সতর্ক করেছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা। সাইবার হামলা থেকে নিরাপদ থাকতে সন্দেহজনক বিজ্ঞপ্তি বা বার্তার বিষয়ে সাড়া না দেওয়ার পাশাপাশি অপরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে থাকা লিংকে ক্লিক করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন তাঁরা।


.










