কুমিল্লারবিবার, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দেবিদ্বারে একক আধিপত্য, মোট বৈধ ভোটের তিন-চতুর্থাংশ গেল শাপলা কলির ঝুলিতে

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ১৪, ২০২৬ ৯:৪৯ অপরাহ্ণ
Link Copied!

নাইদুল হোসাইন ইমন

কুমিল্লা–৪ (দেবিদ্বার) আসনে এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও ফলাফলে দেখা গেছে একক প্রাধান্য। মোট ৪ লাখ ১০ হাজার ৫৫৯ জন ভোটারের এই আসনে ১১৭টি কেন্দ্রের সব ফল প্রকাশ হয়েছে।


সর্বমোট ২ লাখ ২৩ হাজার ৬৫৭ জন ভোটার ভোট দেন। এর মধ্যে বৈধ ভোট ২ লাখ ১৯ হাজার ৩৭৫টি এবং বাতিল ভোট ৪ হাজার ২৮২টি। ভোটের হার দাঁড়িয়েছে ৫৪ দশমিক ৪৮ শতাংশ।


ফলাফলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী মোঃ আবুল হাসনাত শাপলা কলি প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৬৬ হাজার ৫৮৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গণঅধিকার পরিষদ (জিওপি) মনোনীত প্রার্থী মোঃ আঃ জসিম উদ্দিন ট্রাক প্রতীক নিয়ে পেয়েছেন ৪৯ হাজার ৮৮৫ ভোট। দুই প্রার্থীর ব্যবধান দাঁড়িয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৯৮ ভোট।


অন্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ আবদুল করিম হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ২৩২ ভোট। ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের ইরফানুল হক সরকার আপেল প্রতীক নিয়ে পেয়েছেন ৪২৭ ভোট এবং খেলাফত মজলিসের মোহাম্মদ মজিবুর রহমান দেয়াল ঘড়ি প্রতীক নিয়ে পেয়েছেন ২৪৮ ভোট।
সংখ্যার হিসাবে দেখা যাচ্ছে, মোট বৈধ ভোটের বড় অংশই গেছে শাপলা কলি প্রতীকে। দেবিদ্বারে এবারের ফল তাই কেবল জয় নয়, ব্যবধানের কারণেও আলোচনায় থাকবে।