কুমিল্লার দেবীদ্বারে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে মাদক সেবনের দায়ে ৪ তরুণকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে দেবীদ্বার সদরের গোমতী আবাসিক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় মাদক সেবনরত অবস্থায় ৪ তরুণকে হাতেনাতে আটক করা হয়।
পরে আটক দুই জনকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলামের আদালতে এবং অপর দুই জনকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সল উদ্দিনের আদালতে সোপর্দ করা হয়। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৯) (ক) ও ৩৬(৫) ধারায় ৪ জনকেই ২ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন দেবীদ্বার পৌর এলাকার বানিয়াপাড়া গ্রামের মো. সাইফুল ইসলাম (১৮), মো. ওমর ফারুক (১৮), বারেরা গ্রামের রাকিব হাসান (১৮) এবং বড়শালঘর ইউনিয়নের বড়শালঘর গ্রামের মো. রাহিমুল ইসলাম (১৮)।
এ বিষয়ে দেবীদ্বার থানার তদন্ত কর্মকর্তা মো. মঈসুদ্দিন জানায়, যৌথ বাহিনীর অভিযানে মাদক সেবনের সময় ৪ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ২ মাস করে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়।












