কুমিল্লাবৃহস্পতিবার, ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: কম্বল দিয়ে ভোট চাওয়ায় জরিমানা

প্রতিবেদক
Cumilla Press
জানুয়ারি ২৭, ২০২৬ ৫:১৮ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুর-৪ আসনের নির্বাচনী মাঠে কম্বল বিতরণ করে বিপাকে পড়েছেন মমিন হোসেন গাইন নামের এক ব্যক্তি। আচরণবিধি ভঙ্গের দায়ে ভ্রাম্যমাণ আদালত তাকে ১০ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি ১৬টি কম্বল জব্দ করেছেন। সোমবার (২৬ জানুয়ারি) রাতে ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের সাহাপুর গ্রামে এই অভিযান চালানো হয়।

স্বতন্ত্র প্রার্থী আব্দুল হান্নানের (চিংড়ি মাছ প্রতীক) সমর্থক মমিন হোসেন গাইন সাহাপুর গ্রামের বাড়ি বাড়ি গিয়ে কম্বল বিতরণ করছিলেন এবং ভোট প্রার্থনা করছিলেন। স্থানীয় বাসিন্দারা বিষয়টি টের পেয়ে তাকে একটি মাদ্রাসার সামনে কম্বলসহ আটকে রেখে পুলিশ ও প্রশাসনকে খবর দেয়।

খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ আর এম জাহিদ হাসান ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাকে নগদ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রিটার্নিং কর্মকর্তা সেতু কুমার বড়ুয়া জানান, অভিযোগ পাওয়ার পরপরই রাত আটটার দিকে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে আটক করা হয়। অভিযুক্ত ব্যক্তি স্বীকার করেছেন যে, জব্দকৃত কম্বলগুলো স্বতন্ত্র প্রার্থী আব্দুল হান্নানের পক্ষ থেকে বিলি করা হচ্ছিল।

নির্বাচনের ঠিক আগে ভোটারদের উপহার বা ত্রাণ সামগ্রী দিয়ে প্রভাবিত করা স্পষ্ট আচরণবিধি লঙ্ঘন, যার বিরুদ্ধেই এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।