কুমিল্লাশুক্রবার, ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পটুয়াখালী-৪ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী আওয়ামী শাসনামলের উপজেলা চেয়ারম্যান!

প্রতিবেদক
Cumilla Press
জানুয়ারি ২০, ২০২৬ ৫:১০ অপরাহ্ণ
Link Copied!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী–৪ (কলাপাড়া–রাঙ্গাবালী) আসনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন খেলাফত মজলিসের নেতা ডা. জহির উদ্দিন আহমেদ।

তিনি আওয়ামী লীগের শাসনামলে রাঙ্গাবালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। আবার কেউ কেউ বলছেন তিনি ‘উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা’ ছিলেন।

জোট সূত্রে জানা গেছে, এই আসনে আগে ১১ দলীয় জোটের শরিক ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবে অধ্যাপক মোস্তাফিজুর রহমানের নাম আলোচনায় ছিল। তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ জোট থেকে সরে যাওয়ায় প্রার্থী পরিবর্তনের পরিস্থিতি তৈরি হয়। এর পরিপ্রেক্ষিতে স্থানীয় রাজনীতিতে পরিচিত মুখ সাবেক উপজেলা চেয়ারম্যান  ডা. জহির উদ্দিন আহমেদকে ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়।

ডা. জহির উদ্দিন আহমেদ বলেন, ‘১০ দলীয় জোটের পক্ষ থেকে আমাকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে। জোটের সিদ্ধান্ত অনুযায়ী জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আব্দুল কাইয়ূম তার প্রার্থিতা প্রত্যাহারের আবেদন রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিয়েছেন।
 

নিজের রাজনৈতিক পরিচয় প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি কখনোই আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যান ছিলাম না। দোয়াত কলম মার্কা নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান হয়েছিলাম। পরে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের ৫ বছর শেষে আমাকে পটুয়াখালী-৪ আসনের তৎকালীন এমপি মহিবুর রহমান আমাকে বলল আপনাকে উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা করছি। তবে আমি তাতে সম্মতি দেইনি। তাছাড়া একজন এমপি কখনোই দলের পদ দিতে পারে না। দলের পদ হবে জেলা কমিটির স্বাক্ষরে, কিংবা কাউন্সিলের মাধ্যমে। এমপির স্বাক্ষরে দলের পদ দেয়া যায় না। যেহেতু এ ব্যাপারে আমি জানতাম না। আমি কখনই আওয়ামী লীগ করতামও না। রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য  আমার বিরুদ্ধে মিথ্যাচার করা হচ্ছে।’
 

ডা. জহির উদ্দিন আহমেদ জানান, খেলাফত মজলিস থেকে মনোনয়ন পাওয়ায় তিনি দেয়ালঘড়ি প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।