ডেস্ক রিপোর্ট:
কুমিল্লা টাউন হল মাঠে একই দিনে দুটি রাজনৈতিক কর্মসূচি ঘিরে জটিলতা তৈরি হয়েছে। একদিকে আমিন উর রশিদ ইয়াছিন এর সমর্থকদের পরিকল্পিত ৩১ দফা প্রচারণা, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা অনুষ্ঠান, অন্যদিকে বিকেলে একই স্থানে মনিরুল হক চৌধুরীর নির্ধারিত সভা এ দুটি অনুষ্ঠান একই দিনে পড়ায় স্থানীয়ভাবে উত্তেজনা দেখা দিয়েছে।
পুলিশ ও প্রশাসনের তথ্য অনুযায়ী, মনিরুল হক চৌধুরী আনুষ্ঠানিকভাবে ২০, ২১ ও ২২ নভেম্বর টাউন মাঠ ভাড়া নিয়েছেন। ফলে নিয়ম অনুযায়ী এই সময়সীমায় অন্য কোনো ব্যক্তি বা পক্ষ সেখানে অনুষ্ঠান আয়োজন করতে পারবে না।
এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিনুল ইসলাম বলেন, যে পক্ষ আগে মাঠ ভাড়া নিয়ে আনুষ্ঠানিক কাগজপত্র গ্রহণ করেছে, তাদের আইনগত অধিকার অগ্রাধিকার পাবে। মনিরুল হক চৌধুরী তিন দিনের জন্য মাঠ ভাড়া নিয়েছেন। তাই একই সময়ে অন্য কোনো অনুষ্ঠান অনুমোদনযোগ্য নয়।
অন্যদিকে আমিন উর রশিদ ইয়াছিনের সমর্থক যুবদল নেতা সাজ্জাদ দাবি করেন, আমরাও এই মাঠে অনুষ্ঠানের জন্য অনুমতির আবেদন করেছি। আমাদেরই অনুষ্ঠান হওয়ার কথা।’ তিনি বলেন, দীর্ঘদিন ধরে তারা এই কর্মসূচির প্রস্তুতি নিয়ে আসছেন। তাই মাঠ ব্যবহারে জটিলতা হওয়ায় হতাশা প্রকাশ করেন।
এ নিয়ে দুই পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝি ও উত্তেজনা তৈরি হলেও এখনো কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। মাঠ ব্যবহারের চূড়ান্ত সিদ্ধান্তের জন্য উভয় পক্ষই প্রশাসনের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
জেলা প্রশাসন জানিয়েছে, একই স্থানে একাধিক পক্ষের কর্মসূচি পড়ায় পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে এবং আইনগত নিয়ম অনুসারে যাদের অগ্রাধিকার রয়েছে, তাদের অনুমতি নিশ্চিত করা হবে। তবে পরিস্থিতি সংবেদনশীল হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। কুমিল্লা টাউন মাঠকে কেন্দ্র করে এ ধরনের টানাপোড়েনের কারণে শহরের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।












