স্টাফ রিপোর্টার:
নিষিদ্ধ আওয়ামী লীগ ঘোষিত লকডাউনকে কেন্দ্র করে সম্ভাব্য অরাজকতা ও আইনশৃঙ্খলার অবনতি রোধে কুমিল্লা জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল থেকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের পান্নারপুল, বাগুর, ভিরাল্লা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে ব্যাপক তল্লাশি অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ শাহিন। তিনি জানান, সড়কে শৃঙ্খলা বজায় রাখা, যানবাহনে অবৈধ মালামাল বহন রোধ, মাদক ও অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে পুলিশ সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন।
অভিযান চলাকালে প্রতিটি যানবাহন সতর্কতার সঙ্গে পরীক্ষা করা হয় এবং সন্দেহজনক যাত্রী ও মালামালের ব্যাপারে বিস্তারিত খোঁজ নেওয়া হয়। পুলিশের এ কঠোর নজরদারির ফলে সড়কে স্বাভাবিক যান চলাচল বজায় রয়েছে এবং সাধারণ জনগণের মধ্যে নিরাপত্তা বোধ ফিরে এসেছে।












