ফেনীর ফুলগাজীর আমজাদহাট এলাকা থেকে কাজল আক্তার (৩০) নামে এক গৃহবধূর হাত-পা বাঁধা ও মুখে টেপ প্যাঁচানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৭ জুন) সকালে ইউনিয়নের দক্ষিণ তালবাড়িয়া গ্রামের ইসমাইল মাস্টারের বাড়ির বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত কাজল আক্তার ওই বাড়ির কুয়েতপ্রবাসী নুরুল আমিনের স্ত্রী। তিনি তিন সন্তানের জননী ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, ধারণা করা হচ্ছে শুক্রবার (২৬ জুন) দিবাগত রাতে দুর্বৃত্তরা ঘরের চালের টিন কেটে ভেতরে প্রবেশ করে তাকে হত্যা করেছে। নিহতের হাত-পা বাঁধা ও মুখে টেপ প্যাঁচানো ছিলো। ঘটনার সময় ঘরে তার তিন বছর বয়সী সন্তান ছিল। অন্য দুই সন্তান স্থানীয় একটি হেফজ মাদরাসায় অবস্থান করছিল। সকালে ঘরের চালের টিন কাটা দেখে প্রশাসনকে জানালে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
নিহতের স্বজনদের দাবি, ঘটনাটি রহস্যজনক। তারা দ্রুত ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
ফুলগাজী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান বলেন, ‘বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘরের আলামত দেখে প্রাথমিকভাবে এটি চুরি বা ডাকাতির ঘটনা বলে মনে হচ্ছে না। কী কারণে এ ঘটনা ঘটেছে, তা তদন্ত করা হচ্ছে।’












