পটুয়াখালীতে যাত্রীবাহী বাসে করে ইয়াবা পরিবহনের সময় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৩৭ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৭ হাজার ৫০০ পিস ইয়াবা ও নগদ টাকাসহ এক যুবককে আটক করেছে কোস্টগার্ড।
বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে দুমকী উপজেলার লেবুখালী টোল প্লাজা সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী। একই দিন দুপুর ১টার দিকে পটুয়াখালী কোস্ট গার্ড স্টেশনে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড কর্মকর্তারা।
কোস্টগার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে একটি যাত্রীবাহী বাসে করে বিপুল পরিমাণ ইয়াবা বহন করা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে লেবুখালী এলাকায় পায়রা সেতুর টোল প্লাজা সংলগ্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে সন্দেহভাজন এক যুবককে আটক করা হলে তার কাছ থেকে ৭ হাজার ৫০০ পিস ইয়াবা ও নগদ অর্থ উদ্ধার করা হয়।
পটুয়াখালী স্টেশনের কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৭ লাখ ৫০ হাজার টাকা। জব্দ করা মাদকদ্রব্য, নগদ অর্থ এবং আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
তিনি বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চল ও উপকূলীয় এলাকায় মাদকের বিস্তার রোধে বাংলাদেশ কোস্টগার্ড নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ বিষয়ে কোস্টগার্ড পটুয়াখালীর অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে বাংলাদেশ কোস্টগার্ড নিয়মিত অভিযান পরিচালনা করছে। দেশের প্রত্যন্ত অঞ্চল ও উপকূলীয় এলাকায় মাদকের বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।












