কুমিল্লাশুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লা নগরীতে স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় মামলা, গ্রেফতার ১

প্রতিবেদক
Cumilla Press
জুন ২৬, ২০২৬ ৮:৪৩ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্যে টিফিন কিনতে গিয়ে স্কুলছাত্র ইথান আহমেদ (১২) গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে গুলিবিদ্ধ শিশুটির বাবা ইউনুস মিয়া বাদী হয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় এই মামলাটি করেন। মামলায় ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫ থেকে ৬ জনকে আসামি করা হয়েছে।

এদিকে, এই ঘটনায় জড়িত সন্দেহে শ্রাবণ (২২) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ইথানকে গুলির সময় শ্রাবণ ঘটনাস্থলেই উপস্থিত ছিলেন। তবে মামলার এজাহারে তার নাম না থাকায় তাকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আজ শুক্রবার আদালতে পাঠানো হচ্ছে.

গুলিবিদ্ধ ইথান আহমেদ কাটাবিল রফিক উদ্দিন মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ শাহজাহান জানান, শিক্ষার্থীর পিঠে বিদ্ধ হওয়া গুলিটি তার ফুসফুসে গিয়ে আঘাত করেছে. সেখানে আইসিইউ শয্যা খালি না থাকায় প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে সে সেখানেই চিকিৎসাধীন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার মামলার বিষয়টি নিশ্চিত করে জানায়, তদন্তের স্বার্থে আসামিদের নাম প্রকাশ করা যাচ্ছে না, তবে আসামিদের প্রায় সবাই কাটাবিল এলাকার চিহ্নিত মাদক কারবারি। ঘটনার পর থেকে তারা এলাকা ছেড়ে পালিয়েছে. তাদের ধরতে পুলিশ ও ডিবির একাধিক টিম মাঠে কাজ করছে।