কুমিল্লাবৃহস্পতিবার, ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ফ্লোটিলার ১৩ নৌযান আটকে দিলেও ৩০টি গাজার দিকে এগিয়ে যাচ্ছে

প্রতিবেদক
Cumilla Press
অক্টোবর ২, ২০২৫ ১০:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:


১৩টি নৌযান থামিয়ে দিলেও ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলার’ ত্রাণবাহী অন্য ৩০টি ছোট-বড় জাহাজ ইসরায়েলি বাহিনীর বাধা উপেক্ষা করে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের দিকে এগিয়ে যাচ্ছে। গাজার উপকূল থেকে মাত্র ৮৫ কিলোমিটার দূরে রয়েছে নৌযানগুলো।সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার পক্ষ থেকে বুধবার (২ অক্টোবর) এ তথ্য জানানো হয়েছে।

লক্ষ্যস্থল গাজা থেকে ১২৯ কিলোমিটার দূরে ভূমধ্যসাগরে বুধবার রাতে ফ্লোটিলার বহরে বাধা দেয় ইসরায়েলি নৌবাহিনী। তাদের অন্তত আটটি নৌযান থামিয়ে দেয়া হয়। সেগুলো হলো-দেইর ইয়াসিন, হিউগা, স্পেক্টার, আদারা, আলমা, সিরিয়াস, আরোরা ও গ্রান্ডি ব্লু। তবে আল জাজিরা ও রয়টার্সের খবরে ১৩টি নৌযান থামিয়ে দেয়ার তথ্য উল্লেখ করা হয়েছে।

নৌযানগুলো থেকে দুই শতাধিক অধিকারকর্মীকে আটক করেন ইসরায়েলি সেনারা। তাদের মধ্যে সুইডিশ অধিকারকর্মী গ্রেটা থুনবার্গও রয়েছেন।

ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, ‘হামাস নিয়ন্ত্রিত সুমুদ ফ্লোটিলার কয়েকটি নৌযান নিরাপদভাবে থামিয়ে দেয়া হয়েছে। আরোহীদের ইসরায়েলের একটি বন্দরে নেয়া হচ্ছে। গ্রেটা ও তার বন্ধুরা নিরাপদ ও সুস্থ আছেন।’

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা সমুদ্রপথে গাজায় ত্রাণ নিয়ে যাওয়ার একটি বৈশ্বিক প্রচেষ্টা। এই নৌবহরে রয়েছে ৪০টির বেশি বেসামরিক নৌযান। এই বহরে প্রায় ৪৪টি দেশের ৫০০ মানুষের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়ামসহ ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধিরা, আইনজীবী, অধিকারকর্মী, চিকিৎসক ও সাংবাদিক।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার প্রথম বহর গত ৩১ আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে যাত্রা শুরু করে। এরপর ১৩ থেকে ১৫ সেপ্টেম্বর তিউনিসিয়া ও ইতালির সিসিলি দ্বীপ থেকে আরও নৌযান এই বহরে যুক্ত হয়। এ ছাড়া গ্রিসের সাইরাস দ্বীপ থেকে পরবর্তী সময়ে আরও কিছু নৌযান ত্রাণ নিয়ে বহরে যুক্ত হয়। বর্তমানে বহরটিতে ৪০টি বেশি ছোট-বড় নৌযান রয়েছে।

এই নৌবহরের ফিলিস্তিনি সংগঠন হামাসের সঙ্গে সম্পর্ক রয়েছে বলে শুরু থেকেই দাবি করে আসছে ইসরায়েল। যদিও এর পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেনি তারা। যাত্রাপথে কোনো বাধা না পেলে নৌবহরটির স্থানীয় সময় বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে গাজার উপকূলে পৌঁছানোর কথা রয়েছে।