কুমিল্লাসোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আদালতে হাই কমোড চাইলেন পলক

প্রতিবেদক
Cumilla Press
ডিসেম্বর ৯, ২০২৪ ৫:৫৩ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

লো কমোড ব্যবহার করতে কষ্ট হয় সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের পক্ষে তাই হাই কমোড চেয়ে আদালতে আবেদন করেছেন তার আইনজীবী।

সোমবার (৯ ডিসেম্বর) সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদল নেতা মানিক মিয়াকে হত্যার অভিযোগে পলকের রিমান্ড শুনানিতে এই আবেদন করা হয়। পলকের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি আদালতকে জানান, তার মক্কেল কোমর ব্যথায় ভুগছেন এবং লো কমোড ব্যবহারে কষ্ট হয়।

শুনানিতে মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক শেখ হাদীউজ্জামান পলকের সাত দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন।

আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি বলেন, “পলককে ৪৬ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এবং ৩১ দিন রিমান্ডে রাখা হয়েছে। গত ৯ নভেম্বর যাত্রাবাড়ী থানার এক মামলার রিমান্ডে থাকা অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থা বিবেচনায় রিমান্ডের পরিবর্তে জেলগেটে জিজ্ঞাসাবাদের আবেদন করছি।”

রাষ্ট্রপক্ষের ওমর ফারুক ফারুকী বলেন, “প্রাথমিক তথ্যে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলনে ১৫৮১ জন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। পলকের বিরুদ্ধে ১৫৮১টি মামলা হওয়া উচিত। তার অসুস্থতার কথা আদালতে এলেই মনে পড়ে, অথচ বাইরে থাকলে হত্যাকাণ্ড ঘটাতে দ্বিধা করেন না।”

আদালত শুনানি শেষে পলকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ঢাকার চানখারপুল এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন ছাত্রদল নেতা মানিক মিয়া। এ ঘটনায় রাজু আহমেদ নামে একজন বাদী হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৭৯ জনের নামে হত্যা মামলা দায়ের করেন। মামলার দ্বিতীয় এজাহারভুক্ত আসামি পলক।