রাজশাহীর মোহনপুর উপজেলায় মোটরসাইকেল নিয়ে ঝুঁকিপূর্ণ কসরত করার সময় বালুবাহী ট্রাকের চাপায় দুই সহোদরসহ তিন যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) রাত পৌনে ৯টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কের কেশরহাট ডিগ্রি কলেজের প্রধান ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কেশরহাট পৌরসভার সাকোয়া গ্রামের রফিজ উদ্দিনের ছেলে কাইউম ইসলাম রাতুল (১৮) ও তার বড় ভাই স্বাধীন ইসলাম (২২), এবং একই উপজেলার সিংহমারা গ্রামের শফিকুল ইসলামের ছেলে লিমন হোসেন (২২)।
রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন জানান, একটি মোটরসাইকেলে তিন যুবক মহাসড়কে ঝুঁকিপূর্ণভাবে ‘বাউলি’ কসরত করছিলেন। এ সময় নওগাঁ থেকে রাজশাহীগামী একটি দ্রুতগতির বালুবাহী ডাম্পার মোটরসাইকেলটিকে চাপা দেয়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই রাতুল ও লিমনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় স্বাধীন ইসলামকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।
দুর্ঘটনার পর ট্রাকচালক গাড়িসহ পালিয়ে যান। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে।
শনিবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে তিনজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মোহনপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।












