এনসিপির সহযোগী সংগঠন জেলা ছাত্রশক্তির আহ্বায়ক তন্ময় তাহের রুবেল মামলাটি করেন।
হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাদের উপর হামলার ঘটনায় করা মামলায় জেলা ছাত্রদলের ১১ নেতাকর্মী জামিন পেয়েছেন।
রোববার দুপুরে হবিগঞ্জের মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক আব্দুল মান্নান তাদের জামিন মঞ্জুর করেন বলে জানায় আসামিপক্ষের আইনজীবী কুতুব উদ্দিন জুয়েল।
জামিনপ্রাপ্তরা হলেন- হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন, বৃন্দাবন সরকারি কলেজ ছাত্রদলের সদস্যসচিব আশরাফুজ্জামান রিয়াজ, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আসিফুল ইসলাম ইমন, কলেজ ছাত্রদল নেতা মোজাক্কির হোসেন ইমন, এম এইচ শিমুল, আল সাইমুন, মাহফুজ চৌধুরী, ইশতিয়াক রহমান ইফতি, শেখ সাব্বির, নাজমুল হোসেন অনি এবং রক্সি ইসলাম।
আইনজীবী কুতুব উদ্দিন জুয়েল বলেন, মামলার এজাহারে ঘটনার বিবরণ, হামলাকারীদের শনাক্তকরণসহ বিভিন্ন বিষয়ে অসঙ্গতি থাকায় আদালত বিষয়টি বিবেচনায় নিয়ে আসামিদের অস্থায়ী জামিন দিয়েছেন।
বুধবার রাতে এনসিপির সহযোগী সংগঠন জেলা ছাত্রশক্তির আহ্বায়ক তন্ময় তাহের রুবেল মামলাটি করেন। মামলায় অভিযোগ করা হয়, ২৮ জুলাই হবিগঞ্জে এনসিপির পদযাত্রা শেষে ছাত্রদলের নেতাকর্মীরা তাদের গাড়িবহরে হামলা চালান। এতে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ কয়েকজন আহত হন।










