মেহেরপুরের গাংনীতে স্কুল ফিডিং কর্মসূচির খাদ্যসামগ্রী বহনকারী গাড়ির চাকায় পিষ্ট হয়ে আমির হামজা (৬) নামে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
রোববার (২ আগস্ট) বেলা পৌনে ১২টার দিকে উপজেলার রামনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আমির হামজা রামনগর গ্রামের বাজারপাড়ার আব্দুল হাকিমের ছেলে এবং রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, স্কুল ফিডিং কর্মসূচির খাদ্যসামগ্রী বিতরণের জন্য ব্যবহৃত শ্যালো ইঞ্জিনচালিত লেগুনা গাড়ির কাছে দৌড়ে যায় আমির হামজা। এ সময় গাড়িটি চলতে শুরু করলে শিশুটি নিয়ন্ত্রণ হারিয়ে চাকার নিচে পড়ে গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বামন্দীর একটি ক্লিনিকে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমানুল্লাহ জানান, শিক্ষার্থীদের সবসময় সাবধানে চলাফেরার পরামর্শ দেওয়া হয়। স্কুল ফিডিং কর্মসূচির গাড়ি এলে শিশুরা উৎসাহ নিয়ে সেটির দিকে ছুটে যায়। রোববার গাড়িটি পেছনের দিক দিয়ে স্কুলের গেটের দিকে যাওয়ার সময় শিক্ষার্থীরা দৌড়ে কাছে গেলে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার পর স্কুল ফিডিং কর্মসূচির প্রকল্প পরিচালক (পিডি) আবুল আমিন মেহেরপুরের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রশিদকে সরেজমিন তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।











