কুমিল্লারবিবার, ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালাকের পরও একসঙ্গে বসবাস, স্ত্রী-শাশুড়িকে হত্যার পর থানায় যুবক

প্রতিবেদক
Cumilla Press
আগস্ট ২, ২০২৬ ৬:১৯ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর কলাবাগানের কাঁঠালবাগান এলাকায় পারিবারিক বিরোধের জেরে স্ত্রী ও শাশুড়িকে হত্যার অভিযোগ উঠেছে মো. শিপন নামে এক যুবকের বিরুদ্ধে। ঘটনার পর তিনি নিজেই কলাবাগান থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন।

রোববার (২ আগস্ট) সকাল ৯টার দিকে কাঁঠালবাগান এলাকার আল আমিন মসজিদের পাশের একটি পাঁচতলা ভবনের ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন শিপনের সাবেক স্ত্রী রাত্রি (২০) এবং তার মা ফিরোজা বেগম (৩৫)।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, রাত্রির সঙ্গে শিপনের আইনি বিচ্ছেদ হলেও তারা একই বাসায় বসবাস করছিলেন। ঘটনার দিন সকালে পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে রাত্রির মা ফিরোজা বেগম মেয়ের পক্ষ নিয়ে কথা বললে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

অভিযোগ অনুযায়ী, এক পর্যায়ে শিপন ঘর থেকে একটি ধারালো অস্ত্র এনে রাত্রি ও ফিরোজা বেগমকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই রাত্রির মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় ফিরোজা বেগমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক জানান, পারিবারিক কলহের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার পর অভিযুক্ত শিপন নিজেই থানায় এসে আত্মসমর্পণ করেন। বর্তমানে তাকে পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।