রাজধানীর কলাবাগান এলাকায় পারিবারিক বিরোধের জেরে স্ত্রী ও শাশুড়িকে নৃশংসভাবে হত্যার অভিযোগে মো. হৃদয় ওরফে শিপন (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কলাবাগান থানা পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো একটি সবজি কাটার চাকুও উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, রোববার (২ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে কলাবাগান থানার আলামিন রোডের একটি বাসার পঞ্চম তলায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
কলাবাগান থানা সূত্রে জানা যায়, প্রায় পাঁচ বছর আগে ভুক্তভোগী নারীর সঙ্গে শিপনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিভিন্ন তুচ্ছ বিষয় নিয়ে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। ঘটনার দিন সকালে শিপন বাসায় গিয়ে স্ত্রীর সঙ্গে ফের বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তিনি রান্নাঘর থেকে একটি ধারালো সবজি কাটার চাকু এনে স্ত্রীর গলা কেটে হত্যা করেন।
এ সময় মেয়েকে বাঁচাতে এগিয়ে এলে শাশুড়িকেও গলা ও কাঁধে উপর্যুপরি আঘাত করে হত্যা করা হয়।
হত্যাকাণ্ডের সময় ভুক্তভোগীর ভাই ইয়ামিন ঘটনাটি প্রত্যক্ষ করে আত্মীয়স্বজনকে খবর দেন। পরে অভিযুক্ত শিপন তার এক বছরের সন্তানকে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিকেল ৫টার দিকে কলাবাগান থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো চাকুটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে কলাবাগান থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ ও ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে।












