কুমিল্লামঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শত পার্থক্য থাকলেও আমরা পরস্পরের শত্রু নই: প্রধান উপদেষ্টা

প্রতিবেদক
Cumilla Press
ডিসেম্বর ৫, ২০২৪ ৭:০৫ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

ধর্ম, বর্ণ, ও মতের পার্থক্য থাকলেও বাংলাদেশের সব মানুষ একই পরিবারের সদস্য বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, শত পার্থক্য থাকা সত্ত্বেও আমরা পরস্পরের শত্রু নই।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলিমসহ বিভিন্ন ধর্মের নেতাদের সঙ্গে বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।

অধ্যাপক ইউনূস বলেন, “আমাদের ভিন্ন মত, ভিন্ন ধর্ম এবং রীতিনীতি থাকতে পারে। তবে, আমরা সবাই একই পরিবারের সদস্য। শত মতপার্থক্য থাকলেও আমরা একে অপরের শত্রু নই। জাতীয়তা ও পরিচয়ের প্রশ্নে আমরা একতাবদ্ধ। আমরা সবাই বাংলাদেশি।”

তিনি আরও বলেন, “শপথ গ্রহণের পর জানতে পারলাম সংখ্যালঘুদের ওপর নির্যাতন হচ্ছে। এতে মন খারাপ হলো। এরপর ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে বললাম, আমরা একই পরিবারের সদস্য। আমাদের সবার সমান অধিকার নিশ্চিত করতে হবে।”

প্রধান উপদেষ্টা বলেন, “আমাদের সংবিধান নাগরিকদের সমান অধিকার, ধর্ম পালনের অধিকার এবং কাজ করার অধিকার নিশ্চিত করে। রাষ্ট্রের দায়িত্ব এই অধিকারগুলো কার্যকর করা।”

তিনি জানান, সংখ্যালঘুদের ওপর হামলার অভিযোগের বিষয়ে সঠিক তথ্য সংগ্রহ এবং সমাধানের জন্য ধর্মীয় নেতাদের সঙ্গে আলোচনা করা হচ্ছে।

দুর্গাপূজার সময় সরকারের উদ্যোগের প্রসঙ্গে তিনি বলেন, “আমরা এটিকে জাতীয় উৎসবে রূপান্তরিত করেছি। এতে কিছুটা তৃপ্তি পেয়েছি। তবে এখনো অনেক কাজ বাকি।”

তথ্যের বিভ্রান্তি প্রসঙ্গে অধ্যাপক ইউনূস বলেন, “সঠিক তথ্য সংগ্রহ করা অত্যন্ত জরুরি। ভুল তথ্যের কারণে বিভ্রান্তি ছড়ায়। এজন্য তথ্যের সত্যতা যাচাই করতে হবে এবং তৎক্ষণাৎ সমাধানের ব্যবস্থা নিতে হবে।”

তিনি বলেন, “আমাদের লক্ষ্য সবার নিরাপত্তা নিশ্চিত করা। কোনো ঘটনা ঘটলে তাৎক্ষণিক প্রতিকার নিশ্চিত করতে হবে। এজন্য সঠিক তথ্যপ্রবাহ ও দোষীদের দ্রুত বিচারের আওতায় আনা গুরুত্বপূর্ণ।”

সবশেষে, তিনি বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যা হবে ‘নতুন বাংলাদেশ’। এটি অর্জনের জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আজকের আলোচনার মাধ্যমে আমরা সমস্যার সমাধানের পথে এগিয়ে যেতে পারব।”

সংখ্যালঘু সমস্যা সমাধানে সঠিক ও নিরাপদ উপায়ে তথ্য সংগ্রহের জন্য ধর্মীয় নেতাদের পরামর্শ চান অধ্যাপক ইউনূস।