কুমিল্লামঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নতুন বাংলাদেশের যাত্রায় বিভিন্ন অপচেষ্টা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে: প্রধান উপদেষ্টা

প্রতিবেদক
Cumilla Press
ডিসেম্বর ৪, ২০২৪ ৮:৫৫ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, নতুন বাংলাদেশের যাত্রায় বিভিন্ন অপচেষ্টা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

বুধবার (৪ ডিসেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. ইউনূস বলেন, “আমাদের গোটা বিশ্বকে জানাতে হবে যে আমরা ঐক্যবদ্ধ। আমাদের অর্জনগুলো আমরা একসঙ্গে করেছি। যারা আমাদের স্বাধীনতায় বাঁধা দিয়েছিল, তাদের পরাজিত করেছি। এখন সময় এসেছে, আমরা একত্রে বিশ্ববাসীর সামনে আমাদের শক্তি ও ঐক্যের প্রমাণ তুলে ধরি।”

তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আগামীর পথ চলায় যেন কোনো ভুল না হয়। আমাদের একসঙ্গে কাজ করতে হবে। ঐক্যবদ্ধভাবে আমরা একটি শক্তিশালী ভবিষ্যৎ গড়ে তুলতে পারব।”

ড. ইউনূস আরও বলেন, “ছাত্র আন্দোলন ও গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা নিপীড়নের শেকল ভেঙেছি। কিন্তু অনেকেই আমাদের স্বাধীনতা পছন্দ করেনি। ৫ আগস্টের পর থেকে তারা সেই স্বাধীনতাকে উল্টে দেওয়ার ষড়যন্ত্র করছে।”

তিনি উল্লেখ করেন, দুর্গাপূজা নিয়ে বিশৃঙ্খলার আশঙ্কা থাকলেও সরকারের ঐক্যের ডাক এবং জনগণের সহযোগিতায় দেশজুড়ে পূজা শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়েছে। এতে জাতি একসঙ্গে আনন্দ ভাগাভাগি করেছে।

তবে তিনি সতর্ক করে বলেন, “যারা আমাদের ঐক্য ও শান্তি পছন্দ করে না, তারা নতুনভাবে ষড়যন্ত্র করছে। তারা নতুন বাংলাদেশের পথচলা নষ্ট করতে কাল্পনিক কাহিনী তৈরি করছে। এই অপপ্রচার শুধু আমাদের দেশে সীমাবদ্ধ নয়, এটি আন্তর্জাতিক পর্যায়েও ছড়িয়ে পড়ছে।”

তিনি বলেন, “একটি মহল বিশ্বজুড়ে ন্যারেটিভ তৈরি করছে যে, বাংলাদেশে ভয়াবহ কিছু ঘটেছে এবং এটি রোধ করা উচিত। এই মিথ্যা প্রচারণা মোকাবিলায় আমাদের রাজনৈতিক দলসহ সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। এটি শুধুমাত্র রাজনৈতিক মতাদর্শের বিষয় নয়, বরং আমাদের জাতীয় অস্তিত্বের প্রশ্ন।”

প্রফেসর ইউনূস বলেন, “আমরা বিপ্লবের মাধ্যমে একটি মুক্ত ও স্বাধীন বাংলাদেশ তৈরি করেছি। কিন্তু কিছু স্বার্থান্বেষী মহল সেই অর্জন মুছে ফেলতে চায়। তারা অতীতের শাসনব্যবস্থাকে ফিরে পেতে চায় এবং ইঙ্গিত দেয় যে, ‘আগের শাসকগোষ্ঠী ভালো ছিল।’”

তিনি বলেন, “আমাদের বারবার বাস্তবতা বোঝাতে আহ্বান জানানো সত্ত্বেও, তারা বাংলাদেশের বিরুদ্ধে কাল্পনিক গল্প ছড়িয়ে দিয়ে বিভ্রান্তি তৈরি করছে।”

প্রফেসর ইউনূস সবাইকে আহ্বান জানিয়ে বলেন, “আমাদের ঐক্যবদ্ধ হয়ে এসব ষড়যন্ত্র ও অপপ্রচার মোকাবিলা করতে হবে এবং একটি শক্তিশালী নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে।”