কুমিল্লামঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

উপদেষ্টা আসিফ মাহমুদ ভারতকে যে পরামর্শ দিলেন

প্রতিবেদক
Cumilla Press
ডিসেম্বর ৩, ২০২৪ ১১:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

ভারত যদি হাইকমিশনের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তবে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর সহায়তা চাওয়ার সম্ভাবনা রয়েছে। এই প্রেক্ষিতে শান্তিরক্ষা মিশনের মাধ্যমে সেনা পাঠিয়ে বাংলাদেশ ভারতকে সহায়তা করতে পারে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

সোমবার (২ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডি থেকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই পরামর্শ দেন।

আসিফ মাহমুদ বলেন, “যদি ভারতের আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী হাইকমিশনের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তাহলে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সহায়তা চাইতে পারে। সেক্ষেত্রে শান্তিরক্ষা মিশনে সেনা সহায়তা বাড়িয়ে সহযোগিতা করতে পারে বাংলাদেশ।”

এদিকে, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর আক্রমণের অভিযোগে ভারতে বিজেপি এবং হিন্দুত্ববাদী সংগঠনগুলো বিক্ষোভ-আন্দোলন করছে। এ পরিস্থিতিতে সোমবার পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভা অধিবেশনে বাংলাদেশ প্রসঙ্গে আলোচনা করার সময় হিন্দুদেরসহ সংখ্যালঘুদের সুরক্ষায় জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী বাংলাদেশে পাঠানোর প্রস্তাব দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে সংসদে বাংলাদেশ প্রসঙ্গে প্রধানমন্ত্রীকে বিবৃতি দেওয়ারও দাবি জানান তিনি।

মমতা বলেন, “বাংলাদেশ অন্য দেশ। এটা আমার এখতিয়ারের মধ্যে পড়ে না। এটা কেন্দ্রীয় সরকারের এখতিয়ারের মধ্যে পড়ে। প্রয়োজনে ওই দেশে কেন্দ্রীয় সরকার শান্তির বার্তা নিয়ে প্রতিনিধি পাঠাক। কেন্দ্র জাতিসংঘের কাছে আবেদন করুক, শান্তিরক্ষা বাহিনী পাঠানোর জন্য।”

এ বিষয়ে একটি লিখিত প্রস্তাবও কেন্দ্র সরকারকে দেবেন বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।