কুমিল্লামঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশের মিডিয়াকে সতর্ক থাকার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

প্রতিবেদক
Cumilla Press
ডিসেম্বর ২, ২০২৪ ৪:৫৩ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ইসকন সম্পর্কে পার্শ্ববর্তী মিডিয়া গুজব ছড়াচ্ছে, বাংলাদেশের মিডিয়াকে সজাগ থাকতে হবে। তিনি বলেন, দেশে বর্তমানে একটি ঝড় বয়ে যাচ্ছে, তাই আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে। এই সময় পর্যন্ত দেশের মানুষকে ধৈর্য ধারণ করতে হবে।

সোমবার (০২ ডিসেম্বর) দুপুরে রংপুরের পীরগঞ্জের বাবনপাড়া এলাকায় শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন। এ সময় ইসকন প্রসঙ্গে দেশীয় মিডিয়াগুলোকে সত্য ঘটনা তুলে ধরার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জুলাই মাসের গণঅভ্যুত্থানে ঘটে যাওয়া মামলাগুলোর প্রকৃত দোষীদের দ্রুত বিচারের মুখোমুখি করা হবে। আবু সাঈদ হত্যা মামলাটি দ্রুত শুনানি করার পাশাপাশি অন্যান্য সকল আসামির গ্রেপ্তারের কথাও জানান তিনি। একই সঙ্গে তিনি বলেন, হত্যাকাণ্ডের সাথে জড়িত কোনো আসামিকে ছাড় দেওয়া হবে না।

কবর জিয়ারত শেষে আবু সাঈদের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আসফাকুজ্জান, র‍্যাবের মহাপরিচালক একে এম শহিদুর রহমান, রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরে স্বরাষ্ট্র উপদেষ্টা আবু সাঈদের এলাকায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন। এরপর রংপুর পুলিশ লাইন্স অডিটরিয়ামে জেলা ও মহানগর পুলিশের কর্মকর্তাদের সাথে মতবিনিময়ের কথা রয়েছে তার।