কুমিল্লামঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সংখ্যালঘু নিয়ে ভারতের এই দ্বিচারিতা নিন্দনীয় ও আপত্তিকর: আইন উপদেষ্টা

প্রতিবেদক
Cumilla Press
নভেম্বর ২৯, ২০২৪ ৪:২৪ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

ছাত্র সংগঠন, মাদ্রাসা এবং রাজনৈতিক দলসহ বাংলাদেশের সাধারণ মানুষ সাম্প্রতিক দুর্গাপূজার সময় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে সক্রিয়ভাবে ভূমিকা রেখেছে। এমনকি চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামের নির্মম এবং উস্কানিমূলক হত্যাকাণ্ডের পরও বাংলাদেশের মুসলিম সম্প্রদায় অসীম সংযম ও ধৈর্যের পরিচয় দিয়েছে।

এই বিষয়টি নিয়ে শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

তিনি পোস্টে উল্লেখ করেছেন ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের এক জরিপের কথা। ওই জরিপে দেখা গেছে, বাংলাদেশের অধিকাংশ মানুষ (৬৪ দশমিক ১ শতাংশ) মনে করেন যে অন্তর্বর্তীকালীন সরকার বিগত আওয়ামী লীগ সরকারের তুলনায় সংখ্যালঘু জনগোষ্ঠীকে অধিক নিরাপত্তা দিতে সক্ষম হয়েছে। এই জরিপের ফলাফল গতকাল প্রকাশিত হয়েছে।

ভারতের অযাচিত উদ্বেগের বিষয়ে মন্তব্য করে অধ্যাপক আসিফ নজরুল বলেন, “বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারতের উদ্বেগ থামছে না। অথচ ভারতের মাটিতে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ওপর অসংখ্য নির্মমতার ঘটনা ঘটে চলেছে। তবুও সে বিষয়ে তাদের কোনো সংকোচ বা অনুশোচনা নেই। ভারতের এই দ্বিচারিতা নিন্দনীয় এবং আপত্তিকর।”

উল্লেখ্য, ইসকন নেতা চিন্ময়ের গ্রেফতারকে কেন্দ্র করে চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় সারাদেশে নিন্দার ঝড় বইছে।