ডেস্ক রিপোর্ট:
সরকার বাজারে ডিমের সরবরাহ বৃদ্ধি এবং দাম নিয়ন্ত্রণে রাখতে ৪২টি প্রতিষ্ঠানকে আরও ১৮ কোটি ৮০ লাখ ডিম আমদানির অনুমতি দিয়েছে। মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বাণিজ্য-১ শাখা থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এর আগে, গত ২৩ অক্টোবর ১২টি প্রতিষ্ঠানকে ৪ কোটি ডিম আমদানির অনুমতি দেওয়া হয়েছিল। এছাড়া ৭ অক্টোবর আরও সাড়ে ৪ কোটি ডিম আমদানির অনুমতি দেওয়া হয়। চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত এই অনুমতিগুলো কার্যকর থাকবে।
উল্লেখ্য, ডিমের বাজারে লাগাম টানতে গত ১৫ সেপ্টেম্বর কৃষি বিপণন অধিদপ্তর ডিমের ‘যৌক্তিক দাম’ নির্ধারণ করে দেয়। সেই হিসাবে উৎপাদন পর্যায়ে প্রতি ডিমের দাম নির্ধারণ করা হয় ১০ টাকা ৫৮ পয়সা, পাইকারি পর্যায়ে ১১ টাকা ০১ পয়সা এবং খুচরা পর্যায়ে ১১ টাকা ৮৭ পয়সা (ডজনপ্রতি ১৪২ টাকা ৪৪ পয়সা)।
তবে এসব পদক্ষেপেও বাজার নিয়ন্ত্রণে না আসায় দুই দফায় ডিম আমদানির অনুমতি দেওয়া হয়েছে। পাশাপাশি গত ১৭ অক্টোবর সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে ডিমের দাম সহনীয় রাখতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ডিম আমদানিতে কর কমানোর সিদ্ধান্ত নেয়। সেদিন ডিমের আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়।












