যক্ষ্মা রোগে আক্রান্তদের সেবা দিতে ১০ কোটি ৭০ লাখ অ্যান্টি-টিবি ড্রাগস কিনবে সরকার। এতে ব্যয় হবে ৭৪ কোটি ৩৫ লাখ টাকা। মেসার্স রেনেটা পিএলসি এই ওষুধ সরবরাহ করবে।
মঙ্গলবার (১২ মে) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি প্রস্তাবটিতে অনুমোদন দিয়েছে।
প্রতিটি ট্যাবলেটের একক মূল্য পড়ছে ৭ টাকা।
সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় কমিটির সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভা সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে ই-জিপিতে দরপত্রের বিপরীতে ১০ কোটি ৬৯ লাখ ৮০ হাজার অ্যান্টি-টিবি ড্রাগস ২এফডিসি কেনার প্রস্তাব উপস্থাপন করা হলে কমিটি এতে অনুমোদন দেয়।
জানা গেছে, জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় ব্যবহৃত প্রতিষেধক কেনার জন্য উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ইজিপিতে দরপত্র আহ্বান করা হলে ১টি দরপত্র জমা পড়ে।
টিইসির দরপত্রটি রেসপনসভি বিবেচিত হয়। দর প্রস্তাবের সব প্রক্রিয়া শেষে টিইসির সুপারিশ করা রেসপনসভি একমাত্র দরদাতা প্রতিষ্ঠান মেসার্স রেনেটা পিএলসির কাছ থেকে এই ট্যাবলেট কেনার সিদ্ধান্ত হয়।












