কুমিল্লার দেবীদ্বারে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বাসেদ মামুন (৩৯) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুমিল্লা মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গত চার দিন আগে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।
নিহত বাসেদ মামুন দেবীদ্বার উপজেলার ৪ নম্বর সুবিল ইউনিয়নের ওয়াহেদপুর গ্রামের মৃত সুবেদার হাজী আব্দুল বারেকের ছেলে। তিনি ফেনী জেলা সদরে রেডিমেড কাপড়ের ব্যবসা করতেন।
তার ছোট ভাই শরীফুল ইসলাম জানান, কয়েকদিন ধরে বাসেদ মামুন ডেঙ্গু জ্বরে ভুগছিলেন। অবস্থার অবনতি হলে তাকে কুমিল্লা মডার্ন হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।
দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মহিবুস সালাম খান জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বাসেদ মামুনের মৃত্যুর বিষয়টি তিনি জেনেছেন। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু আক্রান্ত ১০১ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ১০০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে একজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।












