হোমনায় নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতায় ফুটবল খেলা চলাকালে অসুস্থ হয়ে প্রাণ হারিয়েছে জিসান নামে ১৪ বছর বয়সী এক শিক্ষার্থী। মাঠে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যাওয়ার পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কিশোর শিক্ষার্থীর এমন আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিদ্যালয় ও এলাকায়।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে কুমিল্লার হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ঘটে এই মর্মান্তিক ঘটনা।
নিহত জিসান হোমনা উপজেলার অনন্তপুর দড়িকান্দি গ্রামের জালাল উদ্দিনের ছেলে। সে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ প্রতিযোগিতার অংশ হিসেবে ওই বিদ্যালয় মাঠে মাথাভাঙ্গা ইউনিয়ন ও হোমনা পৌরসভার মধ্যে ফুটবল খেলা চলছিল। এ সময় হঠাৎ অসুস্থ হয়ে মাঠে পড়ে যায় জিসান। পরে দ্রুত তাকে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে শিক্ষার্থীর মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে যান ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাবীন। তিনি কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে কথা বলে ঘটনার বিষয়ে খোঁজখবর নেন।
চিকিৎসকের প্রাথমিক ধারণা, হৃদরোগজনিত কারণে জিসানের মৃত্যু হয়ে থাকতে পারে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়।
একটি ক্রীড়া প্রতিযোগিতাকে ঘিরে যেখানে ছিল আনন্দ-উচ্ছ্বাস, সেখানে মুহূর্তেই নেমে আসে শোকের ছায়া। জিসানের এমন আকস্মিক মৃত্যুতে শোকাহত সহপাঠী, শিক্ষক ও স্থানীয় বাসিন্দারা।












