যৌতুকের দাবিতে স্ত্রীকে হাত-পা বেঁধে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী রাকিবুল হাসানকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আহত স্ত্রী আলমিনা আক্তার (২৮) বর্তমানে শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন। রডের আঘাতে তাঁর শরীরের বিভিন্ন স্থানে জখম ও রক্ত জমাট বেঁধেছে। অসহ্য যন্ত্রণায় হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন তিনি।
রাকিবুল সদর উপজেলার রৌহা ইউনিয়নের বেলতলী গ্রামের দেলোয়ার হোসেন ওরফে ময়ফুল মিয়ার ছেলে। কয়েক বছর আগে ভাতশালা ইউনিয়নের মধ্যবয়ড়া গ্রামের আলমিনাকে বিয়ে করেন তিনি।
ভুক্তভোগী ও তাঁর পরিবারের সদস্যরা জানান, বিয়ের কিছুদিন পর থেকেই রাকিবুল পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন। এ নিয়ে বিভিন্ন সময় স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন তিনি ও তাঁর পরিবারের সদস্যরা।
আলমিনার মা সেলিমা আক্তারের অভিযোগ, মেয়ের সুখের কথা চিন্তা করে ধারদেনা করে জামাতাকে চার লাখ টাকা দেওয়া হয়। কিন্তু তাতেও সন্তুষ্ট হননি রাকিবুল। বাকি এক লাখ টাকার জন্য প্রায়ই মেয়েকে নির্যাতন করা হতো।
তিনি বলেন, গত ৫ নভেম্বর রাতে রাকিবুলের মা রত্না বেগম ও বাবা দেলোয়ার হোসেনের উস্কানিতে তাঁর মেয়ের হাত-পা রশি দিয়ে বেঁধে লোহার রড দিয়ে পেটানো হয়। এতে মেয়ের শরীরের বিভিন্ন স্থানে রক্ত জমে যায়। খবর পেয়ে তাঁরা শ্বশুরবাড়ি থেকে গুরুতর আহত অবস্থায় মেয়েকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। এখনও অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছে মেয়ে। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।
অভিযুক্ত রাকিবুল এ বিষয়ে কোনো বক্তব্য দিতে রাজি হননি। তবে তাঁর বাবা দেলোয়ার হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, ছেলের সঙ্গে তাঁদের কোনো সম্পর্ক নেই। তাঁরা আলাদা থাকেন।
সদর থানার ওসি খোকন চন্দ্র ঘোষ বলেন, ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়েছে। নির্যাতিতার শরীরে জখমের চিহ্নও পাওয়া গেছে। পুলিশ সুপারের নির্দেশে অভিযান চালিয়ে তাঁর স্বামী রাকিবুলকে গ্রেপ্তার করা হয়েছে।












