কুমিল্লাবুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

এক বছরে পাঠকের আস্থা, সাহসী সাংবাদিকতার প্রত্যয়ে এনপিবির বর্ষপূর্তি উদযাপন

প্রতিবেদক
Cumilla Press
নভেম্বর ১০, ২০২৬ ৮:০৯ অপরাহ্ণ
Link Copied!

সংবাদমাধ্যমের সবচেয়ে বড় শক্তি পাঠকের বিশ্বাস। আর সেই বিশ্বাসকে পুঁজি করেই এক বছরের পথচলা পূর্ণ করলো মাল্টিমিডিয়া গণমাধ্যম এনপিবি নিউজ।

সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে অল্প সময়েই পাঠকের আস্থা অর্জন করেছে প্রতিষ্ঠানটি। আগামীতেও সাহসিকতা, নিরপেক্ষতা ও পেশাদারত্ব বজায় রেখে সাংবাদিকতা অব্যাহত রাখার প্রত্যাশা জানিয়েছেন অতিথি ও সাংবাদিকরা।

মঙ্গলবার বিকেলে কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজন করা হয় আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের।

এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু। সভাপতিত্ব করেন কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাপ্তাহিক অভিবাদন পত্রিকার সম্পাদক আবুল হাসনাত বাবুল।

প্রধান অতিথির বক্তব্যে উদবাতুল বারী আবু বলেন, গণমাধ্যমের মূল দায়িত্ব হচ্ছে সাহসিকতার সঙ্গে সত্য তুলে ধরা। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে মানুষের আস্থা অর্জনের পাশাপাশি তা ধরে রাখাও জরুরি।

সভাপতির বক্তব্যে আবুল হাসনাত বাবুল বলেন, মাত্র এক বছরে এনপিবি যে অগ্রগতি অর্জন করেছে, তা প্রশংসনীয়। বিশেষ করে তাদের ভিডিও কনটেন্ট ও উপস্থাপনার কৌশল মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। আগামী দিনেও এই ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান, কুমিল্লা প্রেসক্লাবের সহসভাপতি সাদিক হোসেন মামুন, সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতুসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি ও সাংবাদিক নেতারা।

আলোচনা সভায় বক্তারা বলেন, গণমাধ্যমের প্রতিযোগিতামূলক পরিবেশে টিকে থাকতে হলে সংবাদে সত্যতা, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থেকে জনস্বার্থের সংবাদ তুলে ধরতে হবে।

পরে অতিথি ও সাংবাদিকদের উপস্থিতিতে কেক কেটে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন করা হয়।

এক বছরের অর্জনকে সঙ্গী করে নতুন দিনের প্রত্যয়ে এনপিবি নিউজ। পাঠকের আস্থা ধরে রেখে সত্য প্রকাশে আরও সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতা এগিয়ে যাক—এমন প্রত্যাশা সংশ্লিষ্ট সবার।