কুমিল্লাবুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় শুরু বাইউস্ট ন্যাশনাল মডেল ইউনাইটেড নেশনস সম্মেলন-২০২৬

প্রতিবেদক
Cumilla Press
নভেম্বর ৮, ২০২৬ ১২:০৯ অপরাহ্ণ
Link Copied!

বিশ্ব রাজনীতি, কূটনীতি ও প্রযুক্তির পরিবর্তিত বাস্তবতায় দক্ষ ও দূরদর্শী নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্য নিয়ে কুমিল্লায় শুরু হয়েছে তিন দিনব্যাপী বাইউস্ট ন্যাশনাল মডেল ইউনাইটেড নেশনস (মডেল জাতিসংঘ) সম্মেলন-২০২৬। এতে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন দেশের প্রতিনিধির ভূমিকায় অংশ নিয়ে বৈশ্বিক সমস্যা, আন্তর্জাতিক সম্পর্ক ও নীতিনির্ধারণী বিষয়ে আলোচনা করছেন।

রোববার (৮ নভেম্বর) বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট) ক্যাম্পাসে সম্মেলনের উদ্বোধন করা হয়। ‘Reimagining Global Governance for Emerging Technologies’ প্রতিপাদ্যে আয়োজিত এ সম্মেলন চলবে আগামী ১০ নভেম্বর পর্যন্ত।

সম্মেলনে দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। জাতিসংঘের আদলে আয়োজিত এ সম্মেলনে নিরাপত্তা পরিষদ, বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়ন কমিশন, ইউএন উইমেন, খাদ্য ও কৃষি সংস্থা এবং আন্তর্জাতিক বিচার আদালতসহ মোট সাতটি কমিটিতে চলছে আলোচনা, বিতর্ক ও নীতিনির্ধারণী কার্যক্রম।

এবারের সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, উদীয়মান প্রযুক্তির নৈতিক ব্যবহার এবং বৈশ্বিক শাসনব্যবস্থার চ্যালেঞ্জগুলো বিশেষ গুরুত্ব পাচ্ছে। বিভিন্ন দেশের প্রতিনিধির ভূমিকায় শিক্ষার্থীরা যুক্তি, তথ্য ও কূটনৈতিক আলোচনার মাধ্যমে এসব সমস্যার সম্ভাব্য সমাধান তুলে ধরছেন।

আয়োজকরা বলছেন, মডেল ইউনাইটেড নেশনস সম্মেলন শিক্ষার্থীদের আন্তর্জাতিক সম্পর্ক, কূটনীতি, নেতৃত্ব, যুক্তিনির্ভর চিন্তা ও সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি ভিন্নমত ও আন্তর্জাতিক প্রেক্ষাপট বুঝে আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছানোর বাস্তব অভিজ্ঞতাও অর্জন করেন অংশগ্রহণকারীরা।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রত্যাশা, এ আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নেতৃত্ব দেওয়ার জন্য নিজেদের আরও দক্ষ করে গড়ে তুলতে পারবেন। একই সঙ্গে ভবিষ্যতে সম্মেলনটিকে আরও বৃহৎ পরিসরে আন্তর্জাতিক পর্যায়ে আয়োজনের পরিকল্পনাও রয়েছে আয়োজকদের।

আগামী ১০ নভেম্বর সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে তিন দিনব্যাপী এ সম্মেলন।