আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে ভিন্নধর্মী আয়োজনের ঘোষণা দিয়েছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এবারের আসরে স্বাগতিক তিন দেশ—যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে আলাদা তিনটি জমকালো উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হবে।
১১ জুন মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও অ্যাজটেকা স্টেডিয়ামে প্রথম উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। উদ্বোধনী ম্যাচের আগে সেখানে পারফর্ম করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পীরা।
পরদিন ১২ জুন কানাডার টরন্টোতেও আয়োজন করা হবে আরেকটি উদ্বোধনী অনুষ্ঠান, যেখানে স্বাগতিক কানাডার ম্যাচের আগে সংগীত পরিবেশন করবেন জনপ্রিয় তারকারা। একই দিনে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামেও অনুষ্ঠিত হবে তৃতীয় উদ্বোধনী অনুষ্ঠান।
ফিফা জানিয়েছে, এই তিনটি অনুষ্ঠানে বিশ্বখ্যাত সংগীতশিল্পীদের পাশাপাশি দক্ষিণ এশীয় শিল্পীরাও অংশ নেবেন, যা আয়োজনটিকে আরও বৈচিত্র্যময় করে তুলবে।
ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বলেন, বিশ্বকাপ শুধু ফুটবল নয়, এটি বিশ্ব সংস্কৃতির মিলনমেলা। তিন দেশে একযোগে উদ্বোধনী আয়োজন সেই বৈশ্বিক উদযাপনকেই আরও বর্ণিল করে তুলবে।
এদিকে বিশ্বকাপ উপলক্ষে অফিসিয়াল থিম সং নিয়েও তৈরি হয়েছে আগ্রহ। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পীদের অংশগ্রহণে তৈরি এই গানটি ইতোমধ্যেই ভক্তদের মধ্যে সাড়া ফেলেছে।
১০৪টি ম্যাচের এই বৃহৎ আসরকে ঘিরে বিশ্বজুড়ে এখন উত্তেজনা তুঙ্গে।












