কুমিল্লামঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আর্জেন্টিনা-মিশর ম্যাচে জয়ী হবে কোন দল, জানালো সুপার কম্পিউটার

প্রতিবেদক
Cumilla Press
জুলাই ৭, ২০২৬ ২:৩১ অপরাহ্ণ
Link Copied!

বিশ্বকাপের শেষ ষোলোয় সবচেয়ে আলোচিত ম্যাচগুলোর একটিতে মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইতিহাস গড়তে থাকা মিশর। একদিকে লিওনেল মেসির নেতৃত্বে শিরোপাধারী আর্জেন্টিনা, অন্যদিকে মোহাম্মদ সালাহকে সামনে রেখে প্রথমবারের মতো শেষ ষোলোতে জায়গা করে নেয়া মিশর। ম্যাচটি ঘিরে সমর্থকদের আগ্রহ তুঙ্গে থাকলেও পরিসংখ্যানভিত্তিক পূর্বাভাসে স্পষ্টভাবেই এগিয়ে রাখা হয়েছে আর্জেন্টিনাকে।

বিশ্লেষণধর্মী পরিসংখ্যান সংস্থা অপ্টা ম্যাচটির সম্ভাব্য ফল নির্ধারণে ২৫ হাজারবার কম্পিউটার সিমুলেশন চালিয়েছে। সেই বিশ্লেষণে দেখা গেছে, নির্ধারিত ৯০ মিনিটেই আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি। অপ্টার হিসাব অনুযায়ী, আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৬৯ দশমিক ১ শতাংশ। অন্যদিকে মিশরের জয়ের সম্ভাবনা মাত্র ১২ দশমিক ৩ শতাংশ। আর নির্ধারিত সময়ে ম্যাচ ড্র হয়ে অতিরিক্ত সময়ে গড়ানোর সম্ভাবনা ধরা হয়েছে ১৮ দশমিক ৫ শতাংশ।

তবে পরিসংখ্যান আর্জেন্টিনার পক্ষেই থাকলেও নকআউট পর্বের বাস্তবতা ভিন্ন হতে পারে। কারণ, শেষ ষোলো নিশ্চিত করতে আগের রাউন্ডে দু’দলকেই ১২০ মিনিট খেলতে হয়েছে। ফলে স্বাভাবিকের তুলনায় কম বিশ্রাম নিয়েই মাঠে নামছে উভয় দল। এতে খেলোয়াড়দের শারীরিক সক্ষমতা, ক্লান্তি, ফিটনেস এবং ম্যাচ চলাকালে সম্ভাব্য চোটের বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। নকআউট পর্বের মানসিক চাপও ম্যাচের ফল নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে।

শুধু সুপার কম্পিউটার নয়, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিশ্লেষণেও আর্জেন্টিনাকেই পরিষ্কার ফেবারিট হিসেবে দেখা হয়েছে। দু’দলের সাম্প্রতিক পারফরম্যান্স, খেলোয়াড়দের বর্তমান ফর্ম, অতীতের মুখোমুখি লড়াই, আক্রমণ ও রক্ষণভাগের কার্যকারিতা এবং বিভিন্ন পরিসংখ্যান বিশ্লেষণ করে এআই যে পূর্বাভাস দিয়েছে, তাতেও নির্ধারিত সময়ে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা প্রায় ৭০ শতাংশ। ড্র হয়ে ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ানোর সম্ভাবনা ধরা হয়েছে ১৮ শতাংশ এবং মিশরের জয়ের সম্ভাবনা প্রায় ১২ শতাংশ।

সম্ভাব্য স্কোরলাইন হিসেবেও আর্জেন্টিনার ২-১ গোলের জয়কেই সবচেয়ে সম্ভাব্য ফল হিসেবে দেখছে এআই। বিশ্লেষণে বলা হয়েছে, বলের দখল, পাসের সফলতা এবং আক্রমণ গড়ে তোলার ক্ষেত্রে আর্জেন্টিনা ম্যাচজুড়ে কিছুটা আধিপত্য বিস্তার করতে পারে। তবে দ্রুত পাল্টা আক্রমণ এবং অধিনায়ক মোহাম্মদ সালাহর ব্যক্তিগত নৈপুণ্য মিশরের সবচেয়ে বড় শক্তি হতে পারে। সুযোগ পেলে সালাহ একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়ার সামর্থ্য রাখেন বলেও বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে।

সম্ভাব্য গোলদাতাদের তালিকায় আর্জেন্টিনার হয়ে সবচেয়ে এগিয়ে রাখা হয়েছে অধিনায়ক লিওনেল মেসি ও স্ট্রাইকার হুলিয়ান আলভারেজকে। অন্যদিকে মিশরের হয়ে গোল করার সবচেয়ে বেশি সম্ভাবনা দেখানো হয়েছে মোহাম্মদ সালাহর। বড় ম্যাচে তার অভিজ্ঞতা ও ব্যক্তিগত দক্ষতাই মিশরের প্রধান ভরসা বলে মনে করছে এআই

এখন অপেক্ষা মাঠের লড়াইয়ের। পরিসংখ্যান, সুপার কম্পিউটার ও কৃত্রিম বুদ্ধিমত্তার পূর্বাভাস সত্যি প্রমাণ করে আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয়, নাকি সব হিসাব-নিকাশ উল্টে দিয়ে নতুন ইতিহাস রচনা করে শেষ আটে উঠে যায় মিশর সেই উত্তর মিলবে ম্যাচের ফলেই।