নাইদুল হোসেইন ইমন
অস্ত্র ও মাদকবিরোধী অভিযান, অপরাধ নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখায় দেশের জেলা পুলিশগুলোর মধ্যে প্রথম পুরস্কার পেয়েছে কুমিল্লা জেলা পুলিশ।
গত শনিবার (২৯ আগস্ট) ঢাকার পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক অপরাধ সভায় কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের হাতে এ পুরস্কার তুলে দেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
অস্ত্র ও মাদকবিরোধী অভিযান জোরদার, অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে কুমিল্লা জেলা পুলিশের কার্যক্রমের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেওয়া হয়েছে।


পুরস্কার পাওয়ার পর পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, এ অর্জন পুরো জেলা পুলিশের সম্মিলিত প্রচেষ্টার ফল। এমন স্বীকৃতি পুলিশের সদস্যদের দায়িত্ব পালনে আরও উৎসাহিত করবে।
তিনি বলেন, কুমিল্লার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ বদ্ধপরিকর। অপরাধ দমন, মাদক ও অস্ত্রের বিরুদ্ধে অভিযান এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও কার্যক্রম আরও জোরদার করা হবে।
এ সময় জেলা পুলিশের কার্যক্রমে সাধারণ মানুষ ও জনপ্রতিনিধিদের সহযোগিতার গুরুত্বও তুলে ধরেন পুলিশ সুপার।












